নগরজুড়ে সরকারের পক্ষে বেনামী প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় স্বরনীর সামনের মোড় - ছবি- মনিরুল আলম
বিজয় স্বরনীর সামনের মোড় - ছবি- মনিরুল আলম

রাজধানীর বিজয় সরণি মোড়ে সিগন্যালে আটকা পড়লে সরকার দেশে কী কী ‘উন্নয়ন’ করেছে, তার বিজ্ঞাপন চোখে পড়তে অনেকটা বাধ্য। ওই এলাকায় অন্তত ২৪টি বিশাল আকারের বিলবোর্ডে তুলে ধরা হয়েছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের নানা তথ্য।

শুধু বিজয় সরণি মোড় নয়, পুরো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে শোভা পাচ্ছে এ ধরনের নানা রঙের বিলবোর্ড।

গত সাড়ে চার বছরে বিভিন্ন খাতে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার প্রচ্ছন্ন আহ্বানও আছে এসব বিলবোর্ডে। সব কটি বিলবোর্ডের মূল স্লোগান ‘উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতা দরকার’।

রাজধানীর বিজয় সরণি, খামারবাড়ি মোড়, কারওয়ান বাজার, রূপসী বাংলা মোড়, কাকরাইল, মগবাজার, গুলশান, বনানী, মহাখালী ঘুরে এ ধরনের দেড় শতাধিক বিলবোর্ড চোখে পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রে বিভিন্ন দেশি ও বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ঢেকে দিয়ে সাঁটানো হয়েছে সরকারের উন্নয়নচিত্রের বিজ্ঞাপন।

তবে কারা তা প্রচার করছে, বিলবোর্ডে সুনির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ নেই। সাধারণত প্রচারকাজে যেসব বিলবোর্ড রাজধানীতে ব্যবহার করা হয়, সেগুলোর নিচে উল্লেখ করা থাকে কারা এই প্রচার চালাচ্ছে।

খাদ্যনিরাপত্তা, ক্রীড়াক্ষেত্রে অগ্রযাত্রা, যানজট নিরসনে উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ, কূটনৈতিক অর্জন, সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, যুগান্তকারী পরিবর্তন, বিশুদ্ধ খাবার পানি, জনশক্তি রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জন, শিক্ষিত সমাজ-উন্নত জাতি, হাতিরঝিলের উন্নয়ন, সবার জন্য শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, মাদ্রাসাশিক্ষার আধুনিকায়ন, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ, আন্তর্জাতিক সম্মাননা, অবাধ তথ্যপ্রবাহ—এ ধরনের নানা শিরোনাম দিয়ে এসব বিলবোর্ডে গত সাড়ে বছরে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

আবার কোনো কোনো বিলবোর্ডে কোনো উন্নয়নচিত্র তুলে ধরা হয়নি। ‘উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতা দরকার’ স্লোগানের সঙ্গে এই বিলবোর্ডগুলোতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি।

এসব বিলবোর্ডের কোনোটি দৈর্ঘ্যে ৪০ ফুট, আর উচচ্চতায় ২০ ফুট। কোনটি ৩০ বাই ১৫ ফুট বা কোনকোনটি তার চেয়ে ছোট।

এসব বিলবোর্ড নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।বিজয় সরনীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন মোড়েও দেখা যায় এ ধরণের ৮-১০টি বিলবোর্ড।আজ সকালে বৃষ্টির মধ্যে ৮-১০জন আশ্রয় নিয়েছিলেন ওই মোড়ের পুলিশ বক্সে।সেখানে আলোচনার বিষয় এই বিলবোর্ড।কেউ এর পক্ষে, কেউ বিপক্ষে।একজন বলছিলেন, ‘সরকার কাজ করছে, প্রচার করতে সমস্যা কি?’ পাল্টা আরেকজন জবাব দিলেন, সরকার উন্নয়ন করলে মানুষতো দেখবেই।এভাবে অন্যের বিলবোর্ড ঢেকে প্রচারের কোন মানে নেই।

বিজয়সরনীর ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যেতে টিঅ্যান্ডটি মাঠের পাশের মোড়ে এলে চোখে পড়ে এ ধরণের ১২ টি বিলবোর্ড।সেখানকার একটি বিলবোর্ডের শিরোনাম‘অবাধ তথ্য প্রবাহ’।এ সরকারের আমলে ১৬টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ১৪টি কমিউনিটি রেডিও ও আটটি এফএম রেডিওর অনুমোদন দেওয়ার তথ্য দেওয়া আছে তাতে।

ফার্মগেট থেকে কারওয়ান বাজার যাওয়ার পথে সার্ক ফোয়ারা মোড়ের আশপাশে চোখে পড়ে এ ধরণের বিশাল বিশাল বিলবোর্ডগুলো।তবে বেশি নজরকাড়া বিলবোর্ড চোখে পড়ে রূপসী বাংলা মোড়ে।রূপসী বাংলা হোটেলের পশ্চিমে যে ভবন, তার গায়ে সব সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ৮-১০টি বিজ্ঞাপনী বিলবোর্ড চোখে পড়ে।এখন সেখানে বড় বিলবোর্ডগুলোর আটটিতে শোভা পাচ্ছে সরকারের উন্নয়নের প্রচার।রূপসী বাংলা হোটেলের উত্তরপাশে দেখা যায় বিশাল বিশাল আকারের ১১ টি বিলবোর্ড।এখন ওই এলাকায় সরকারের উন্নয়ন চিত্রের তথ্য ছাড়া আর কিছুই চোখে পড়ে না।

সেখান থেকে ভিআইপি রোড হয়ে কাকরাইল মসজিদের সামনে দেখা যাবে কয়েকটি বিলবোর্ড।কাকরাইল মোড় থেকে মগবাজার পর্যন্ত যেতে রাস্তার দুপাশে বড় বড় বিলবোর্ডগুলোতেও শোভা পাচ্ছে আওয়ামী লীগের পক্ষের বিজ্ঞাপন।এই পথে চোখে পড়ে বড় আকারের ২৫টির মতো বিলবোর্ড যেগুলো জানান দিচ্ছে সরকারের উন্নয়ন বার্তা।

মগবাজার মোড় থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা হয়ে গুলশান লিংক রোড পর্যন্ত চোখে পড়ে আরও অন্তত ২০টি বিলবোর্ড।লিংক রোড হয়ে গুলশান ঢুকতে নাভানার শোরুমের বিপরীতপাশে দেখা যায় বড় দুটি বিলবোর্ড।এখন ওই দুটি বিলবোর্ডে সরকারের উন্নয়নের তথ্য দেখা যাচ্ছে।বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ওই দুটি বিলবোর্ডের নিচের কিছু অংশ ওঠে গেছে, আর তা-ই জানান দিচ্ছে এখানে আসলে পারটেক্স ফার্নিচার ও হরলিক্স এর বিজ্ঞাপন ছিল।

তবে গুলশান এলাকায় এই প্রচারের আধিক্য কম।লিংকরোড হয়ে গুলশান-১, ২ এ সরকারের পক্ষের এই বিজ্ঞাপন খুব একটা চোখে পড়ে না।গুলশান-২ থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে বিমানবন্দর সড়ক যেতে কয়েকটি বিলবোর্ড চোখে পড়ে।গুলশান এলাকায় প্রচারের অভাব ঘুচিয়ে দিতেই যেন বনানী ডিওএইচএস মোড় এলাকায় চারপাশে চোখে পড়ে একসঙ্গে অনেকগুলো বিলবোর্ড।যেন অন্য সব বিজ্ঞাপনদাতারা উধাও হয়ে গেছেন।বনানী থেকে মহাখালী যাওয়ার পথেও একই চিত্র।মহাখালী উড়াল সড়কে ওঠার পর যেদিকে চোখ যায় শুধু চোখে পড়ে সরকারের উন্নয়ন চিত্র।উড়াল সড়ক থেকে নেমেও চোখ এড়াবে না সরকারের উন্নয়ন ফিরিস্তি।জাহাঙ্গীর গেইট আসার অনেক আগেই চোখে পড়ে সামরিক বাহিনীর জন্য সরকার কী করেছে তার খতিয়ান।জাহাঙ্গীর গেটের পশ্চিমে এ খতিয়ান জানাচ্ছে বিশাল আকৃতির কয়েকটি বিলবোর্ড। 

‘শিক্ষিত সমাজ, উন্নত জাতি’ শিরোনামের বিলবোর্ডে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি প্রবর্তন, এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং ৪৫ হাজার শিক্ষকের নতুন পদ সৃষ্টির তথ্য দেওয়া হয়েছে। ‘মাদ্রাসাশিক্ষার আধুনিকায়ন’ শিরোনামের একটি বিলবোর্ডে ৩৫টি মাদ্রাসাকে আইটি ল্যাবসহ মডেল মাদ্রাসায় উন্নয়ন, ১০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করার তথ্য দেওয়া হয়েছে। ‘বৈদেশিক মুদ্রা অর্জন’ শিরোনামের বিলবোর্ডে জোট সরকারের আমলের সঙ্গে এ সরকারের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে দাবি করা হয়েছে, বিএনপি আমলে বৈদেশিক মুদ্রা অর্জন ছিল ১৯ দশমিক ৩২ বিলিয়ন ডলার; আর বিশ্বমন্দা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে তা বেড়ে হয়েছে ৫৫ দশমিক ১১ বিলিয়ন ডলার। ‘সামাজিক নিরাপত্তা’ শিরোনামের বিলবোর্ডে দাবি করা হয়েছে, দুই লাখ ৪৭ হাজার ৫০০ জনকে বয়স্কভাতা, নয় লাখ দুই হাজার জনকে বিধবা ভাতা এবং দুই লাখ ৮৬ হাজার জনকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধা ভাতাও।

‘যানজট নিরসনে উদ্যোগ’ শিরোনামের বিলবোর্ডে ঢাকায় বিভিন্ন স্থানে উড়ালসড়ক করার তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ‘পূর্বে প্রতিদিন সিগন্যালে ৬৫টি ট্রেন কেড়ে নিত চার ঘণ্টা, বনানী ওভারপাসে এখন যানজটমুক্ত’।