প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে মহাসমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পুলিশ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে নগরে আড়াই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে নগরের বিভিন্ন মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সকালে হেলিকপ্টারে করে বন্দর এলাকায় পুলিশের উপকমিশনারের কার্যালয়ের পাশের মাঠে অবতরণ করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরের বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগামী যাত্রীরা দেওয়ানহাট ওভারব্রিজের পরিবর্তে জাকির হোসেন সড়ক হয়ে অলংকার মোড় ঘুরে পিসি সড়ক দিয়ে গন্তব্যে যেতে পারবেন। বুধবার দুপুর ১২টা থেকে টাইগার পাস, সার্কিট হাউস ও আশপাশের এলাকা এবং বৌদ্ধমন্দির সড়কে গাড়ি চলাচল সীমিত করা হবে। এদিকে পলোগ্রাউন্ডে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।সূত্র জানায়, মঞ্চের দৈর্ঘ্য ৬০ ফুট, প্রস্থ ২৪ ফুট ও উচ্চতা ছয় ফুট। মঞ্চে দুই শতাধিক চেয়ার বসানোর সুযোগ রয়েছে। তবে এর বিন্যাস করবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।