নগরজুড়ে মহাজোটের সম্ভাব্য সাত মেয়র প্রার্থীর পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে রংপুর নগরে আলোচনার অন্যতম বিষয় ছিল সিটি করপোরেশনের নির্বাচনে কারা মেয়র পদে প্রার্থী হচ্ছেন। কোন দল থেকে কারা সমর্থন পাচ্ছেন। জনগণের নজরে আসতে ঈদের আগে নগরজুড়ে সম্ভাব্য মেয়র প্রার্থীদের পোস্টার সাঁটানো হয়। নগরে মহাজোটের শরিক তিনটি দলের মধ্যে আওয়ামী লীগের তিনজন, জাতীয় পার্টির তিনজন ও জাসদের (ইনু) একজন সম্ভাব্য মেয়র প্রার্থীর শুভেচ্ছা-সংবলিত পোস্টার দেখা গেছে। রংপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কাউসার জামানও সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন। পাশাপাশি ৩৩টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের পোস্টারও রয়েছে নগরজুড়ে।মহাজোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে পোস্টার লাগিয়েছেন জাতীয় পার্টির মহানগর কমিটির আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান, সদ্য বিলুপ্ত হওয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আবদুর রউফ। জাতীয় পার্টি জেলা শাখার সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পোস্টারে শুভেচ্ছা জানিয়েছেন।জাতীয় পার্টির মশিউর রহমান তাঁর পোস্টারে নিজেকে মহাজোটের সম্ভাব্য প্রার্থী উল্লেখ করায় মহাজোটের প্রধান দল আওয়ামী লীগে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী সাফিউর রহমান বলেন, মহাজোট হিসেবে নির্বাচন হবে কি না, এখনো সেই সিদ্ধান্ত হয়নি। কিন্তু মশিউর রহমান এভাবে পোস্টারে মহাজোটের প্রার্থীর ঘোষণা দিয়ে ঠিক করেননি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোজাউল করিম বলেন, জাতীয় পার্টির নেতার এমন পোস্টার আমাদের দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। জাতীয় পার্টির আরেক সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, ‘এ ব্যাপারে দলের মধ্যে এখানো কোনো সিদ্ধান্ত হয়নি।’ তিনিও নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা জাপার সদস্য এ কে এম আবদুর রউফ জানান, নির্বাচন করবেন বলে তিনি পোস্টার সেঁটেছেন।মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সাংসদ মশিউর রহমান মহাজোট থেকে জাতীয় পার্টিকেই সমর্থন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান নগরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছেন। তিনি বলেন, ‘রংপুরে সিটি করপোরেশনের জন্য আন্দোলন করেছি। উন্নয়নের জন্য কাজ করছি। মেয়র প্রার্থী হতেই তো এসব কর্মকাণ্ড করছি।’ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, ‘সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জনগণকে জানান দিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার-ব্যানার লাগিয়েছি।’সিটি করপোরেশন আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সাবেক সাংসদ এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শরফুদ্দিন আহমেদের ঈদের শুভেচ্ছা-সংবলিত পোস্টারও নগরে দেখা গেছে। তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তুলতে নির্বাচন করব।’ মহাজোটের আরেক শরিক দল জাসদের (ইনু) জেলা সভাপতি একরামুল হোসেনও ঈদের শুভেচ্ছা জানিয়ে নগরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করব।’রংপুর সরকারি কলেজের শিক্ষক এ আই মুসা বলেন, এবারের ঈদে অন্যতম আকর্ষণ হলো চারদিকে শুধু সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার। বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘এখনো নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’ তিনি জানান, ইতিমধ্যে সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে নগরের ২০৩ বর্গকিলোমিটার সীমানা নির্ধারণ করে ৩৩টি ওয়ার্ড গঠন করা হয়েছে।