নগরজুড়ে ময়লা-আবর্জনা ভোগান্তিতে পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বিভিন্ন এলাকায় সড়কের পাশে যত্রতত্র ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধে পথ চলতে দুর্ভোগে পড়ছে পথচারীরা। ছবিটি কলাপাড়া এলাকার বিদ্যুৎ​ উন্নয়ন বোর্ডের মূল ফটকের পাশ থেকে গতকাল তোলা l প্রথম আলো
সিলেট নগরের বিভিন্ন এলাকায় সড়কের পাশে যত্রতত্র ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে। দুর্গন্ধে পথ চলতে দুর্ভোগে পড়ছে পথচারীরা। ছবিটি কলাপাড়া এলাকার বিদ্যুৎ​ উন্নয়ন বোর্ডের মূল ফটকের পাশ থেকে গতকাল তোলা l প্রথম আলো

সিলেট নগরের কলাপাড়া এলাকার মূল রাস্তা ঘেঁষেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর (বিক্রয় ও বিতরণ বিভাগ-৩) কার্যালয়। এর মূল ফটকের সামনে নানা ধরনের ময়লা-আবর্জনার স্তূপ। সিটি করপোরেশনের কোনো ডাস্টবিন এখানে নেই, কিন্তু স্থানীয় লোকজন আবর্জনা ফেলেই চলেছেন।
কলাপাড়া ছাড়াও নগরের অর্ধশতাধিক এলাকায় এভাবে যত্রতত্র আবর্জনা ফেলছেন স্থানীয় লোকজন। অভিযোগ আছে, নগরে পর্যাপ্তসংখ্যক ডাস্টবিন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় ময়লা ফেলা চলছে। আর পথ চলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
কলাপাড়ার স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গা লাগোয়া ফুটপাত ধরে অনেকেই আবর্জনা ফেলছেন। এ ব্যাপারে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। উচ্ছিষ্ট খাবার থেকে শুরু করে নানা ধরনের বর্জ্য ফেলায় সেগুলো নিয়মিত দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া সামান্য বৃষ্টিতেই আবর্জনা গড়িয়ে মূল রাস্তায় পড়ছে।
এলাকার ব্যবসায়ী মোছাব্বের হোসেন বলেন, বছরের পর বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। কিন্তু এ জায়গা কখনোই নিয়মিত পরিষ্কার করা হয় না। সেই সঙ্গে এ সড়কে কোনো ডাস্টবিনও নেই, যেখানে সবাই ময়লা ফেলবে।
সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট, কাজিরবাজার, শেখঘাট, দর্জিপাড়া, রায়নগর, মীরাবাজার, শিবগঞ্জ, লামাবাজার, কদমতলী, রেলস্টেশন এলাকায় অনেক ব্যবসায়ী ও বাসিন্দারা রাস্তার পাশেই যত্রতত্র ময়লা ফেলছেন। এসব এলাকার সড়কে প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পলিথিন, কাগজ, কার্টুন, উচ্ছিষ্ট খাবার, ক্লিনিক্যাল বর্জ্যসহ নানা ধরনের আবর্জনা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
কদমতলী বাসস্ট্যান্ড এলাকার ফলের ব্যবসায়ী আতাহার মিয়াকে দেখা গেল রেলস্টেশনমুখী রাস্তার ফুটপাতে পচা ফলমূল ফেলতে। কেন রাস্তার পাশে এভাবে ময়লা ফেলছেন—জিজ্ঞেস করলে নির্বিকারভাবে উত্তর দেন, ‘সবাই ফেলে। তাই আমিও ফেলি।’
সার্কিট হাউসমুখী রাস্তার পথচারী গৃহিণী আসমা বেগম বলেন, প্রতিদিন সকালবেলা বাচ্চাকে নিয়ে এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় আবর্জনা মাড়িয়ে যেতে হয়। অনেকে রাতের অন্ধকারে রাস্তার পাশে মলত্যাগ করে। দুর্গন্ধে তাই পথচলা দায় হয়ে পড়ে।
দক্ষিণ সুরমার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, নগরে পর্যাপ্ত ডাস্টবিন নেই, তাই স্থানীয় লোকজন যত্রযত্র ময়লা ফেলছে।
অভিযোগের বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অনেক মানুষ অসচেতনভাবে রাস্তায় ময়লা-আবর্জনা ফেলে রাস্তাকে নোংরা ও অপরিচ্ছন্ন করে ফেলছে। নগরের ২৭টি ওয়ার্ডে ৫১০ জন পরিচ্ছন্নতাকর্মী ও সুইপার নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ ছাড়া সকালে ও রাতে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে থাকা ছোট-বড় ৮০টি ডাস্টবিন থেকে আবর্জনা অপসারণ করা হয়। রাস্তায় পড়ে থাকা আবর্জনাও রাতের বেলা ঝাড়ু দিয়ে অপসারণ করা হয়।
ডাস্টবিনের সংখ্যা কম থাকার বিষয়ে তিনি বলেন, যেসব জায়গা এখন গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, ওই সব জায়গাতেও দ্রুত ডাস্টবিন তৈরি করা হবে। এ সময় তিনি কলাপাড়া এলাকায় ফুটপাতে আবর্জনা ফেলার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ ছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।