নগরজুড়ে শিবিরের মহড়া
হরতালের আগেই রাজধানীজুড়ে মহড়া দিয়েছে ছাত্রশিবির।শহরের বিভিন্ন জায়গায় মিছিল করেছেন শিবিরের কর্মীরা।আজ শনিবার ভোর ছয়টা থেকে হরতালের সমর্থনে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা রাজপথে নামেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিবির।
বিবৃতিতে বলা হয়, রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় সকাল ছয়টায় হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। সকাল সাড়ে আটটায় মহানগরের সভাপতি রাশেদুল হাসানের নেতৃত্বে খিলগাঁওয়ে মিছিল করেন নেতা-কর্মীরা। শিবিরের ঢাকা মহানগরের সেক্রেটারি রেজাউল হক রিয়াজ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, স্কুল কার্যক্রম সম্পাদক সোহেল রানা ও ছাত্রকল্যাণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মিছিলে উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার মিছিলটি রাজধানীর উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে স্বাধীনতা সরণিতে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখা সকাল নয়টায় রাজধানীর যাত্রাবাড়ীতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সকাল ১০টায় জজকোর্টের সামনে থেকে শুরু হয়ে রায়সাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। হরতাল সফল করতে ধানমন্ডি এলাকায় মিছিল করে ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা।