নগরবাড়ী-বগুড়া মহাসড়ক বেহাল
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অংশে কার্পেটিং উঠে খোয়া বেরিয়ে এসেছে। অসংখ্য গর্তে ভরে গেছে পুরো রাস্তা। এতে যানবাহন চলার সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। দীর্ঘদিন ধরেই এ অবস্থা চললেও কর্তৃপক্ষ সড়কটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, সওজ বিভাগের আওতায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল গোলচত্বর থেকে উল্লাপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কার্পেটিং উঠে পাথর বেরিয়ে গেছে। অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ওই মহাসড়কের হাটিকুমরুল, চড়িয়া শিকার, বোয়ালিয়া, ব্রহ্মকপালিয়া, চৌকিদহ এসব এলাকার রাস্তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলচত্বর এলাকার ৫০০ মিটার জুড়ে কার্পেটিং উঠে গেছে। বাধ্য হয়ে এ পথে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই কোনো না কোনো গাড়ির যন্ত্রাংশ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।
এ সড়কের বাসচালক হাবিবুর রহমান ও ওসমান গনি বলেন, প্রায় চার মাস ধরে মহাসড়কটি ক্ষতিগ্রস্ত হলেও এটি মেরামত করা হচ্ছে না। বিশেষ করে রাতের বেলায় গর্তে পড়ে বেশির ভাগ গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বৃষ্টির দিন আসছে। তখন সড়ক দিয়ে চলাচলই সম্ভব হবে না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এই মহাসড়কটি জেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। সার্বক্ষণিকভাবে রেকার নিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে নিতে প্রস্তুত থাকতে হচ্ছে। সামনে রমজান ও ঈদ মৌসুম আসছে। এ সময় গাড়ির চাপ আরও বাড়বে। বিষয়টি সওজ বিভাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
সার্বিক বিষয়ে সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আপাতত স্পট মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে এগুলো মেরামত সম্পন্ন হবে। তা ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে দুই ইঞ্চি পুরু করে কার্পেটিংয়ের জন্য প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। অনুমোদন এলে কাজ শুরু করা হবে।