সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান উন্নয়ন নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার থেকে সচেতন থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ‘সস্তা জনপ্রিয়তায় প্রলুব্ধ’ না হয়ে সতর্ক থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।
গতকাল মঙ্গলবার দুই প্রার্থী নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে প্রচারণা চালান। বদরউদ্দিন গতকাল সকালে নগরের কানিশাইল, ভার্থখলা, চন্দনটোলাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসব এলাকায় পথসভায় তিনি উন্নয়নের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘মিথ্যাচার করে নগরবাসীকে বিভ্রান্ত করা যাবে না। নগরবাসী জানেন, কে কার উন্নয়ন ছিনতাইয়ের চেষ্টা করছেন।’
সিলেট নগরে পানি সংকট দূর করতে ২০০৯ সালে ১৪টি উৎপাদক নলকূপ স্থাপনের কথা উল্লেখ করে বদরউদ্দিন বলেন, ‘১১০ কোটি টাকা ব্যয়ে ২০০৯ সালে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ওই বছরের ৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রকল্প উদ্বোধন করেন।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘২০০৯ সালে কি চারদলীয় জোট ক্ষমতায় ছিল?’
অন্যদিকে গতকাল নগরের হাউজিং এস্টেট, কোনাপাড়া, মজুমদারী, আম্বরখানা সরকারি কলোনি, ফরিদবাগ দত্তপাড়া, সুবিদবাজারস্থ লাভলী রোড ও মণিপুরীপাড়া এলাকায় গণসংযোগ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আমি নগরবাসীকে বড় বড় স্বপ্ন দেখিয়ে, সস্তা জনপ্রিয়তা নিয়ে ভোট ভাগিয়ে নেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না। নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান থাকাকালে ক্ষুদ্র পরিসরে নগরবাসীর প্রতি আমার আন্তরিকতা ও কর্মের দৃষ্টান্ত দেখিয়েছি। তাই এবার আমার কাজের মূল্যায়নের ভার তাঁদের ওপর ছেড়ে দিলাম।’
মাঠে জনপ্রতিনিধিরা: মেয়র পদপ্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। গতকাল সিলেটসহ বিভাগের ৩০ জন জনপ্রতিনিধি নগরে মেয়র পদপ্রার্থী বদরউদ্দিনের পক্ষে গণসংযোগ করেন। এর আগে জনপ্রতিনিধিদের উদ্যোগে সভার মাধ্যমে বদরউদ্দিনের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন বক্তৃতা করেন। সভা শেষে জনপ্রতিনিধিরা নগরের তালতলা থেকে বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে চৌহাট্টা ও বারুতখানা পর্যন্ত বিভিন্ন বিপণিবিতান, বাসাবাড়ি ও পথচারীদের মধ্যে আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন।