নগরবাসীকে নিরাপত্তা-সচেতন হওয়ার আহ্বান ডিএমপির
ছিনতাইকারী, মলম বা অজ্ঞান পার্টিসহ বিভিন্ন চক্রের অপরাধ দমনে নগরবাসীকে নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ আহ্বান জানান।
মনিরুল বলেন, প্রতিবছরই রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বেচাকেনা, ব্যবসা-বাণিজ্য ও অর্থের লেনদেন ও স্থানান্তর বেড়ে যায়। এ সময় চাঁদাবাজ, ছিনতাইকারী ও অজ্ঞান পার্টিরও উপদ্রব বাড়ে। এসব অপরাধ দমনে নগরবাসীকেই সচেতন হতে হবে। তিনি বলেন, কেউ এ ধরনের কোনো অপরাধের শিকার হলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানাতে হবে। এ জন্য পুলিশের পক্ষ থেকে কিছু নম্বরও (হটলাইন) দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত কারোর অথবা মলম পার্টির সদস্যের অবস্থান সম্পর্কে ওই নম্বরগুলোতে ফোন করে পুলিশকে তথ্য দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে। তথ্য জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ কার্যকর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, যেকোনো ধর্মীয় উত্সবকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ দমন ও অপরাধীদের ধরতে ডিএমপি এর আগেও উল্লেখযোগ্য ব্যবস্থা নিয়েছে। এ কারণে চাঁদাবাজির মতো অপরাধ অনেকটা কমেও এসেছে। এ বছর বিপণিবিতানে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে কিছু নীরব চাঁদাবাজি হচ্ছে। এগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
এদিকে প্রেস ব্রিফিংয়ের পর ডিএমপির পক্ষ থেকে নগরবাসীর প্রতি কিছু লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ছিনতাইকারী, মলম পার্টিসহ বিভিন্ন চক্রের অপরাধ দমনে প্রতিরোধে বিপণিবিতানগুলোতে যাওয়ার সময় দামি অলংকার ব্যবহার থেকে বিরত থাকা, অপরিচিত কারও সঙ্গে গাড়ি ভাড়া না করা, ফাঁকা বা নির্জন কোনো সড়ক বা স্থানে একাকি চলাফেরা না করা, যানজটে পড়লে গাড়ির জানালা বন্ধ রাখা, অপরিচিত কারও খাবার না খাওয়া, ফুটপাতের খাবার না খাওয়াসহ নগরবাসীকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে তিনটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। এগুলো হলো ০১৭১৩৩৯৮৩২৬-৯, ০১১৯১০০১১০০ ও ০১১৯১০০১১১১।