নগরবাসীকে সেবা দিতে অনড় মনোভাবের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। অন্যথায় পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলনকক্ষে সরকারি বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।
বৈঠকের আলোচ্যসূচি ছিল ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ, নগরভবনের সামনের রাস্তা থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণ, বিআরটিএ কর্তৃক রুট পারমিট প্রদান, যানজট নিরসন ও অবৈধ স্ট্যান্ড অপসারণ, সরকারি জমিতে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ, তিতাস গ্যাস, ডিপিডিসি, ওয়াসা ও বিটিসিএলের সঙ্গে সমন্বিত উন্নয়ন কার্যক্রম এবং পরিবেশ বিষয়ে আলোচনা।
মেয়র আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) ছরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, র্যাব-১১-এর কোম্পানি উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, জনস্বার্থ প্রকৌশলের জেলার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগ জেলার সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব প্রমুখ। এ ছাড়া সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র আইভী বলেন, সরকারি সব দপ্তর জনসেবার জন্য। দেশের ৬৪টি জেলায় রাজনৈতিক কোন্দল ও প্রতিযোগিতা রয়েছে। এত কিছুতেও অন্য জেলায় প্রশাসনের সব কর্মকর্তা কাজ করেন। কিন্তু নারায়ণগঞ্জে এলে তাঁরা স্তব্ধ হয়ে যান। নারায়ণগঞ্জে প্রচণ্ড রাজনৈতিক প্রভাব আছে, কিন্তু জেলার ডিসি-এসপি চাইলে অবশ্যই সব করতে পারেন। এর জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট।
মেয়র আরও বলেন, ‘ত্বকী হত্যা নিয়ে যখন কথা বলেছি, তখন শহর ঠিক ছিল। আমি কথা বললে দলীয় লোকজন বলে সরকারবিরোধী। আর এখন চার বছর ধরে কোনো কথা বলি না, তাই সবকিছুই অগোছালো। আমি কারোটা খাই না, পরিও না। আমি বলতে ভয় পাই না। যখন বলব তখন সংবাদ সম্মেলন করে সব বলে দেব। নারায়ণগঞ্জের প্রশাসনের কর্মকর্তারা একপেশে কাজ করছেন। সিটি করপোরেশনকে সহযোগিতা করছেন না। নারায়ণগঞ্জবাসীর সেবা দিতে না পারলে চলে যাব। তার আগে সংবাদ সম্মেলন করে সকলের বিষয়ে বলে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেব।’ এর আগে সিটি করপোরেশনের কাউন্সিলররা প্রত্যেকের নিজ নিজ এলাকার মাদক, যানজট, অবৈধ স্ট্যান্ড, স্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন।