জাসদ নেতাদের সঙ্গে সাক্ষাতে মহিউদ্দিন চৌধুরী
নগরবাসীর ওপর করারোপ সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে
জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত না করে নগরবাসীর ওপর করারোপ করা হলে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রাম নগরে পরিচ্ছন্নতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাত এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বলেও সাবেক মেয়র মন্তব্য করেন।
গতকাল শনিবার বিকেলে নগরের চশমাহিলে সাবেক মেয়রের বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতারা। এ সময় তিনি এসব মন্তব্য করেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, দু-একটি ওয়ার্ডে রাস্তার পাশে ও আইল্যান্ডে ফুলের টব বসানো ও বাতি জ্বালানো ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়ে না। চট্টগ্রাম বন্দর, রেলওয়েসহ অনেক সরকারি-আধা সরকারি সংস্থার কাছ থেকে শত শত কোটি টাকার রাজস্ব আদায় হলে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রয়োজন পড়ে না।
মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের স্বার্থের কথা বললেই অনেক মন্ত্রী, সাংসদ ও মহারথীরা বাঁকা চোখে দেখেন এবং বিব্রতবোধ করেন। কারণ, তাঁরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর জনগণের কাছ থেকে দূরে সরে যান। তাঁদের একমাত্র ব্রত পদ ও ক্ষমতাকে আঁকড়ে ধরা।
মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের স্বার্থরক্ষা ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার প্রশংসা করে বলেন, স্থানীয় নেতৃত্ব চট্টগ্রামের স্বার্থ ও সঠিক উন্নয়নের পরিকল্পনা এবং চট্টগ্রামবাসীর অগ্রাধিকারভিত্তিক চাওয়া-পাওয়া তাঁর কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী মরণপ্রায়। কর্ণফুলী নদীর বুকে বালুচর দেখা যাচ্ছে। অথচ কর্ণফুলীর অপরিকল্পিত খননের নামে একটি চক্র কয়েক শ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।
জাসদের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাহীনতা ও জীর্ণ দশার চিত্র তুলে ধরে বলেন, চট্টগ্রাম বন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনা ভেঙে বহিরাগত লোকজন অবাধে যাতায়াত করছে। তারা সেখানে লুটপাটও করছে। বন্দরের শ্রমিকদের কাজের পরিবেশ নেই, পানি ও টয়লেট নেই, লেবার শেড নেই। সেখানে সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন নেই। অথচ বন্দর তহবিল থেকে বিপুল অর্থ বাইরে চলে যাচ্ছে এবং এভাবে বন্দরকে তহবিলশূন্য করা হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে জাসদের চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জ উ বাবুল, বেলায়েত হোসেন, আবুল কাসেম, আমিনুর রসুল, অভিক ওসমান, তপন চৌধুরী, আহমদ সরিফ, সেমিল চৌধুরী, সাইফুল আকতার, মঈনুল আলম খান, তাজুল ইসলাম মাস্টার প্রমুখ।