নগরবাসীর খাদেম হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নগর ভবনকে কোনো দল বা জোটের নয়, নগরবাসীর কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সিলেট গড়তে সবার সমিঞ্চলিত প্রচেষ্টার প্রয়োজন। নগরে শতবর্ষের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নগরপিতা নয়, আমি নগরবাসীর একজন খাদেম হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই।’

গত বৃহস্পতিবার রাতে নগরের একটি কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী ১৮-দলীয় জোটের প্রথম মতবিনিময় সভায় দেওয়া বক্তৃতায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। সভায় বিএনপি, জামায়াতসহ জোটভুক্ত দলের নেতারা অংশ নেন। ১৮-দলীয় জোট জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম সভায় সভাপতিত্ব করেন।

নবনির্বাচিত মেয়র বলেন, ‘অতীতে আমরা দেখেছি, সিটি মেয়রের নাম ভাঙিয়ে চাঁদাবাজি হয়েছে। এবার চাঁদাবাজি কিংবা কোনো অপকর্মের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মেয়র জোটের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাকে বিজয়ী করতে ১৮-দলীয় জোট ও সমমনা দল, বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সিলেটবাসীর ঘামঝরা পরিশ্রমের যথাযথ মূল্য দিতে আপ্রাণ চেষ্টা করব। সিলেটকে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত আধ্যাত্মিক ও মডেল নগর হিসেবে গড়ে তুলতে সবাইকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।’

মতবিনিময় সভায় বক্তব্য দেন আরিফুল হকের নির্বাচন পরিচালনায় গঠিত সমিঞ্চলিত নাগরিক জোটের সদস্যসচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীম। আরও ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা জামায়াতের (দক্ষিণ) আমির হাবিবুর রহমান প্রমুখ।