নগরবাসীর দুর্ভোগ এড়াতে বিকল্প সড়ক নির্মাণের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের কয়েকটি স্থানে উড়ালসেতু নির্মাণের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, এসব উড়ালসেতুর নির্মাণকাজের ফলে নগরবাসীর দুর্ভোগ বেড়েছে এবং যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এ যানজট এড়াতে স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা সিটি করপোরেশনকে বিকল্প সড়ক-সেতু নির্মাণের পরামর্শ দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজান মাসে যাতে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে লক্ষ রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাদকের বিস্তার রোধ, ব্যবহার বন্ধ এবং ঈদুল ফিতর সামনে রেখে তৈরি পোশাকশিল্পে সম্ভাব্য অরাজকতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। সাহারা খাতুন বলেন, আদালতে সময়মতো সাক্ষীদের সাক্ষ্য না নেওয়া, সাক্ষী ফিরে যাওয়া এবং নিরাপত্তাসংক্রান্ত সমস্যার কারণে সাক্ষীরা সাক্ষ্য দিতে আসছেন না। এতে মামলাগুলো নিষ্পত্তি না হয়ে দীর্ঘসূত্রতা বাড়ছে। ঈদ সামনে রেখে তৈরি পোশাকশিল্পের সম্ভাব্য অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, এ নিয়ে আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানেই এ বিষয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ এবং ব্যবস্থা নেওয়া হবে।ভেজালবিরোধী অভিযান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বছরজুড়ে চলমান ভেজালবিরোধী তৎপরতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সাঁড়াশি অভিযান চালানো হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরও বাড়ানো হবে।