নগরবাসীর মন কাড়তে দামি বিলবোর্ড-পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে শুরু হয়েছে জমজমাট প্রচারণা। শহরের বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে দামি দামি বিলবোর্ড।উত্তরে লড়তে চান আটজন: ডিসিসি উত্তর থেকে মেয়র পদে লড়তে ইচ্ছুক আটজনের নাম পাওয়া গেছে। এঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংসদ কামাল আহমেদ মজুমদার, রাজনীতিক ও কলাম লেখক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন আহম্মেদ ও জাসদের ঢাকা মহানগর সমন্বয়ক মীর আখতার, চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক), ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজহারুল হক ও উত্তরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব হাসান।এঁদের বেশির ভাগ সম্ভাব্য প্রার্থী প্রচার নানাভাবে প্রচার শুরু করেছেন। তবে এখনো মাঠপর্যায়ে প্রচারে না নামলেও ঢাকা উত্তর থেকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন মাহমুদুর রহমান মান্না। তিনি প্রথম আলোকে বলেন, নাগরিক সমাজের অনুরোধে তিনি প্রার্থী হতে আগ্রহী হয়েছেন। তবে তিনি রাজনৈতিক দলেরও সমর্থন চান। মান্না মনে করেন, ঢাকাকে আরও বাসযোগ্য আধুনিক নগর হিসেবে গড়া সম্ভব, যা আলোর বাতিঘরের মতো কাজ করবে।প্রচারে নেই চিত্রনায়ক ফারুকও। তিনি প্রথম আলোকে বলেন, ‘যাঁদের পরিচিতির ঘাটতি আছে, তাঁরাই বেশি বেশি প্রচারে নেমেছেন। আমার প্রচারে নামার এখনো সময় হয়নি।’উত্তরা থানা আওয়ামী লীগের নেতা হাবিব হাসান কিছু ফেস্টুন করেছেন মোফাজ্জল হোসেন মায়ার পক্ষে। আর কিছু করেছেন নিজের নামে। হাবিব হাসান বলেন, ‘নির্বাচন আর ভালো লাগে না। পাবলিক বলতাছে করেন, কিন্তু দ্বন্দ্বে আছি। দলের জন্য অনেক করেছি। এখন দল চাইলে করুম, জোর করে কিছু করুম না।’প্রচারের ক্ষেত্রে একধরনের কৌশল নিয়েছেন কামাল মজুমদার। মিরপুর এলাকার বিভিন্ন সড়কের বিভাজনে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে নানা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্টার করেছেন তিনি। তবে এখন পর্যন্ত মেয়র পদপ্রার্থী হিসেবে সরাসরি প্রচার না চালালেও মিরপুরের নেভি কলোনি ও ভাষানটেকের সংযোগ সড়কের মোড়ে তাঁর নামে বিশাল ডিজিটাল বিলবোর্ড দেখা যায়। ক্যান্টনমেন্ট থানা আওয়ামী হকার্স লীগের সদস্যসচিব আমজাদ হোসেনের সৌজন্যে তৈরি এই বোর্ডে লেখা আছে, ‘কামাল আহমেদ মজুমদারকে ঢাকা উত্তরের মেয়র হিসেবে দেখতে চাই।’রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, উত্তরাসহ ডিসিসির উত্তরের বিভিন্ন এলাকা ঘুরে মোফাজ্জল হোসেন চৌধুরীর প্রচারণা বেশি দেখা যায়। বিমানবন্দর সড়কে তাঁর নামে একটি বিলবোর্ডে লেখা, ‘আসুন, একটি পরিচ্ছন্ন নগরীর স্বপ্ন দেখি’। উত্তরাসহ বিভিন্ন এলাকায় তাঁর নামে সাঁটানো আছে অসংখ্য পোস্টার। জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এসব পোস্টার তাঁর কর্মীরা করছেন। শুভাকাঙ্ক্ষীরা করলে মানা তো করতে পারি না।’আর সম্ভাব্য প্রার্থী আজহারুল হক দাবি করেন, ‘আমি হই-হুল্লোড় না করে ভেতরে ভেতরে কাজ করছি। এ পর্যন্ত ১৫ হাজার পোস্টার ছেপেছি। মনোনয়ন পেলে জোরেশোরে নামব।’এদিকে জাতীয় পার্টির নেতা বাহাউদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, সম্প্রতি তাঁর দেড় হাজার ব্যানার-ফেস্টুন গায়েব হয়ে গেছে। ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা এক রাতেই রামপুরা সড়ক থেকে তাঁর ২৮টি ফেস্টুন নিয়ে গেছেন।দক্ষিণেও জমজমাটদক্ষিণের মেয়র পদপ্রার্থী হতে চেয়ে সবচেয়ে বেশি বিলবোর্ড ও পোস্টার লাগিয়েছেন আওয়ামী লীগের ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। শাহবাগ, গুলিস্তান, লালবাগ, আজিমপুর, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁদের অসংখ্য বিলবোর্ড রয়েছে। হাজি সেলিমের ‘বিশ্বাসে বিশ্বাসী’ আর সাঈদ খোকনের ‘সুন্দর ঢাকা গড়তে’ প্রচারণার সঙ্গে বিলবোর্ড-পোস্টারে পাল্লা দিচ্ছেন জনৈক তুহিন মালিক। সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবং নির্ধারিত বিল পরিশোধের বিনিময়েই তিনি বিলবোর্ড লাগিয়েছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা ছিলেন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। তিনি ঢাকাবাসীর সেবা করে গেছেন আজীবন। তাঁর আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত হয়েই আমি কাজ করতে চাই। আমি দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী।’সাবেক সাংসদ হাজি মোহাম্মদ সেলিম দক্ষিণের মেয়র হয়ে নগরবাসীর সেবা করতে চান।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেত্রী শিরীন আক্তারও দক্ষিণের মেয়র হিসেবে নির্বাচন করতে চান। তিনি ইতিমধ্যে গণসংযোগও শুরু করেছেন। শিরীন আক্তার প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের কার্যালয়কে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলবাজিমুক্ত করে হাতের কাছে নাগরিক সেবাকেন্দ্র গড়ে তোলার জন্যই তিনি নির্বাচন করতে চান। এ ছাড়া এই নগরকে আরও বাসযোগ্য, সচল ও নিরাপদ করতে তাঁর সুদূরপ্রসারী চিন্তা আছে।জাতীয় পার্টির পক্ষ থেকে দক্ষিণে মেয়র পদের জন্য প্রচার চালাচ্ছেন কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, ‘ঢাকাকে বিভক্ত করা মেনে নিতে পারিনি। তবে গণতন্ত্রের স্বার্থেই আমি নির্বাচন করছি।’বিএনপির ঢাকা মহানগর শাখার সদস্যসচিব আবদুস সালামও মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক। কারণ হিসেবে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই ভাগ করলে বিএনপি আসবে না, এটা মনে করে সরকার ঢাকাকে দখল করার ফন্দি করেছে। আমরা তাদের এই ফন্দি কামিয়াব হতে দিতে পারি না।’ নির্বাচন সামনে রেখে ‘ঢাকায় বাঁচতে, ঢাকাকে বাঁচাতে’ শীর্ষক প্রচারণা চালাচ্ছেন তুহিন মালিক। তিনি বলেন, ‘রাজনীতিবিদেরা এখন যেন সবকিছুর নিয়ন্তা। সিটি করপোরেশনের রাজস্ব আদায় করে তাঁরা দলীয় কাজে ব্যবহার করছেন। এই অবস্থার পরিবর্তন দরকার। তাই পেশাজীবী প্রতিনিধি হিসেবে নির্বাচনে করতে চাই।’মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জাতীয় পার্টির (জেপি) আবদুর রহিম ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হকও নির্বাচন করতে আগ্রহী।