নগরবাসীর সহযোগিতা চাইলেন রাজশাহীর পুলিশ কমিশনার
রাজশাহীতে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগরবাসীর সহায়তা চেয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার। আজ শুক্রবার রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, অপরাধীদের ধরতে হলে সবার সহযোগিতা দরকার। এ জন্য তিনি আবাসিক হোটেলগুলোতে ছবিযুক্ত পরিচয়পত্রধারী লোক ছাড়া না রাখার জন্য নির্দেশ দিয়েছেন। হোটেলের ব্যবস্থাপক তাদের পরিচয়পত্রের সত্যতা যাচাই করে লোক তুলবেন। এরপরেও কোনো অপরাধের ঘটনা ঘটলে হোটেল কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে তিনি জানান।
কমিশনার সাংবাদিকদের মাধ্যমে ব্যবসায়ীদের আহ্বান জানান যেন তারা নিজ নিজ প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করেন। তিনি জানান, নগরের ভাড়াটিয়াদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রাজশাহী নগরের গণকপাড়ার মোড়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা, আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার এবং নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গুলিতে ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা জিয়াউল হক খুন হওয়ার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
সোনার দোকানে ডাকাতির ঘটনায় কমিশনার বলেন, এটা একেবারেই ডাকাতির ঘটনা। তবে এর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার সঙ্গে সম্পৃক্ততা আছে কি নাÑসেটা তারা খতিয়ে দেখছেন। তিনি বলেন, শিক্ষক হত্যার ঘটনা ছাড়া অন্য হত্যাকাণ্ডের ঘটনাগুলো তারা বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন। শিক্ষক হত্যার ব্যাপারটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় আগে তিনজনকে আটক করা হয়েছিল। তাদের একজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাগমারা থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ কমিশনার বলেন, আবাসিক হোটেলে তরুণীকে হত্যা করা হয়েছে, এটা তাঁরা নিশ্চিত হয়েছেন। তরুণের ব্যাপারটির জন্য তারা ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। ব্যবসায়ী হত্যার ঘটনায় মূল দুই আসামি নয়ন ও তরিকুলকে ধরার জন্য তারা সব রকম চেষ্টা করছেন।
এদিকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে নগরের গৌরহাঙ্গা-অলংকার মোড় এলাকায় আজ বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ডাকাতির ঘটনার প্রতিবাদে একই সময়ে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে জনউদ্যোগ একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।