‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন
নগরবাসীর সহযোগিতা ছাড়া নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়
প্রায় দুই কোটি মানুষের এই শহরে প্রতিদিন কল্পনাতীত ময়লা-আবর্জনা জমে। নগরবাসীর সহযোগিতা ছাড়া নগর পরিচ্ছন্ন রাখা অসম্ভব।
গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ডে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ কথা বলেন। গেন্ডারিয়ার ডিআইটি প্লট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা।
মেয়র সাঈদ খোকন বলেন, ময়লা রাখার জন্য ডিএসসিসির বসানো ৫ হাজার ৭০০ ওয়েস্ট বিনের (ময়লার পাত্র) মধ্যে ২২০টি চুরি হয়ে গেছে। রাস্তার পাশে বসানো এসব ময়লার পাত্র পাহারার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।
বেলা একটায় শুরু হওয়া অনুষ্ঠানে এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে ডিআইটি প্লট এলাকার একজন বাসিন্দা বলেন, এলাকার একমাত্র পুকুরটির জায়গায় অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। ভরে গেছে ময়লা-আবর্জনায়। দখলদারদের অধিকাংশ প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী কথা বলতে সাহস পান না।
অভিযোগ শোনার পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে মেয়র সাঈদ খোকন বলেন, পুকুরটি নিয়ে যদি কোনো মামলা না থাকে, তবে চলতি সপ্তাহের মধ্যে এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে।
এ সময় এলাকার একজন নারী বলেন, যিনি পুকুর ভরাটের ব্যাপারে অভিযোগ করেছেন, দখলদারেরা তাঁকে হুমকি দেবে। এ সময় মেয়র বিষয়টি পুলিশের স্থানীয় সহকারী ডেপুটি কমিশনারকে জানাতে বলেন। পরে পুলিশের ওই কর্মকর্তার মুঠোফোন নম্বর জানিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন আরও বলেন, দুই বছর আগে তিনি এলাকার উন্নয়নে যে ওয়াদা করেছিলেন, তা পূরণ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তিনি ৩০০টি সড়কের (১৬০ কিলোমিটার) উন্নয়নকাজ করেছেন। এলাকায় ৪৪৯টি বাতি লাগানো হয়েছে, যার ৭৭ ভাগই এলইডি।
এলাকার বাসিন্দারা গ্যাস-সংকটকে এলাকার সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করলে মেয়র বলেন, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।
একজন বাসিন্দা এলাকায় কুকুরের উপদ্রবের কথা তুলে ধরলে মেয়র বলেন, আগামী রোববার থেকে কুকুরের বন্ধ্যাকরণ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসা, ডিপিডিসি, তিতাস গ্যাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির আহমদ ভূঁইয়া।