নগরবাড়ী ও বাঘাবাড়ীতে সারের স্তূপ বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিলাররা আপৎকালীন মজুত (বাফার গুদাম) থেকে ইউরিয়া উত্তোলন কমিয়ে দেওয়ায় নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দরে সারের মজুত বেড়েই চলেছে। খোলা জায়গায় ফেলে রাখায় উত্তরাঞ্চলের ১৬ জেলার জন্য বরাদ্দ করা এসব সার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নদীর পাড়ে দীর্ঘ সময় ধরে রাখায় অনেক বস্তার সার জমাট বেঁধে যাচ্ছে। জমাট বাঁধা এই সার গুঁড়ো করে আবার নতুন বস্তায় ভরা হচ্ছে।জানা যায়, উত্তরাঞ্চলে বিসিআইসির বাফার গুদাম রয়েছে ১৪টি। চট্টগ্রাম থেকে জাহাজে করে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) অনুমোদিত পরিবহন ঠিকাদাররা সার এনে নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দরে নামায়। এরপর সেখান থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়।কয়েকজন ডিলার জানান, অনেক ডিলারের গুদামে গতবারের সার এখনো মজুত রয়েছে। এর ওপর এবার বোরোর আবাদ কিছুটা কমে যাওয়ায় চাহিদাও কমেছে। সব মিলিয়ে বাফার গুদাম থেকে ডিলাররা সার তুলছেন কম। ফলে বাঘাবাড়ী নৌবন্দর ও নগরবাড়ী ঘাটে সারের স্তূপ বেড়েই চলেছে। নগরবাড়ীঘাট ও বাঘাবাড়ী নৌবন্দর ঘুরে দেখা গেছে, কয়েক হাজার বস্তা সার নদীপাড়ের খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। বেশ কিছু বস্তা ফেটে সার ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। ওই সব সারের সঙ্গে মিশছে ময়লা-আবর্জনা। এ ছাড়া অনেক বস্তায় সার জমাট বাঁধা অবস্থায় রয়েছে। শ্রমিকেরা জমাট বাঁধা সার গুঁড়ো করে অন্য বস্তায় ভরছেন। দুই থেকে তিন মাস আগের সারও রয়েছে।বাঘাবাড়ী নৌবন্দরে মুগুর দিয়ে পিটিয়ে সার গুঁড়ো করছিলেন কয়েকজন শ্রমিক। তাঁরা জানান, দীর্ঘদিন স্তূপের নিচে মাটির কাছাকাছি যে বস্তাগুলো থাকে সেগুলোর সার জমাট বেঁধে যায়। এ ছাড়া বস্তা পানিতে ভিজে গেলেও সার জমাট বেঁধে যায়। জমাট বাঁধা সার গুঁড়ো করে সেগুলো নতুন বস্তায় ভরে মুখ সেলাই করা হয়। বাঘাবাড়ী নৌবন্দরের ইজারাদারের প্রতিনিধি আবুল হোসেন জানান, বন্দরে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন সার ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। তিনি দাবি করেন, এগুলো এমনভাবে ঢেকে রাখা হয় যে সেগুলো জমাট বাঁধে না বা নষ্টও হয় না। তবে সারবাহী একটি জাহাজ দুর্ঘটনায় পড়ায় কিছু সারের বস্তা ভিজে গিয়েছিল। সেগুলোর মধ্য কিছু সার জমাট বেঁধেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, বাফার গুদাম থেকে ডিলারদের ছেঁড়াফাটা বস্তায় পাথরের মতো জমানো, শক্ত ও ময়লা সার সরবরাহ করা হয়। ব্যবহার অনুপযোগী এসব সার কৃষক নিতে চায় না। ডিলাররা এসব সার নিতে অপারগতা প্রকাশ করলেও তাঁদের একপ্রকার জোর করেই চাপিয়ে দেওয়া হচ্ছে। গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুদেব কুমার ভট্টাচার্য বলেন, অন্যান্য বছর এই সময়ে গুদাম থেকে প্রায় ৮০ হাজার মেট্রিক টন সার চলে যায়। কিন্তু এবার এখন পর্যন্ত মাত্র ৪০ হাজার মেট্রিক টন সার ডিলাররা তুলেছেন। ডিলাররা সার কম তুলছেন বলেই সারের মজুদ এমন বেড়ে গেছে।বাঘাবাড়ী বাফার গুদামের সহকারী রসায়নবিদ মোবারক হোসেন বলেন, সার জমাট বাঁধলেও এর গুণগত মানের কোনো পরিবর্তন হয় না। গত সেপ্টেম্বর-অক্টোবরে ডিলারদের মধ্য থেকে এ নিয়ে কথা উঠলে জেলা প্রশাসন আমাদের গুদামের কিছু জমাট বাঁধা সার পরীক্ষা করেছিল। তাতে গুণগত মান পুরোপুরি ঠিকই পাওয়া গেছে।