নগরবাড়ীতে সারের বাফার গুদাম স্থাপনের আশ্বাস
পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে সারের আপৎকালীন মজুতের গুদাম (বাফার স্টক) স্থাপন ও সার পরিবহনের সময় নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুউদ্দীন আহমঞ্চদ। গত শুক্রবার বেড়ার নগরবাড়ী ঘাটে সার মজুত, পরিবহন ও বিতরণ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
পরে বিভাগীয় কমিশনার নগরবাড়ী ঘাটে খোলা আকাশের নিচে রাখা সারের স্তূপ ও ব্যবসায়ীদের সারের গুদাম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সার ব্যবসায়ী ও ডিলাররা জানান, নগরবাড়ী ঘাটে আপৎকালীন মজুতের গুদাম না থাকায় খোলা আকাশের নিচে সার নষ্ট হচ্ছে। এ ছাড়া কৃষকদের মধ্যে জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও হরতাল-অবরোধের সময় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নিরাপত্তার অভাবে সার পাঠানো যায়নি। এ কারণে তাঁরা বিভাগীয় কমিশনারের কাছে নগরবাড়ীতে একটি বাফার গুদাম স্থাপনের পাশাপাশি হরতাল-অবরোধে সার পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহনের নিরাপত্তা চান। বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
জানা যায়, উত্তরাঞ্চলে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) আপৎকালীন মজুতের গুদাম রয়েছে ১৪টি। শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর ও বেড়ার নগরবাড়ী ঘাটের মাধ্যমে এসব গুদামে সার সরবরাহ করা হয়। চট্টগ্রাম থেকে জাহাজে করে বিসিআইসি অনুমোদিত পরিবহন ঠিকাদারেরা সার এনে নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দরে নামান। এরপর সেখান থেকে ট্রাকে করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সেই সার পাঠানো হয়। বাঘাবাড়ী নৌবন্দরে পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের জন্য একটি বাফার গুদাম থাকলেও নগরবাড়ীতে বাফার গুদাম নেই। ফলে নগরবাড়ীতে নদীর পাড়ে খোলা আকাশের নিচে সারের হাজার হাজার বস্তা ফেলে রাখা হয়। এতে সারের গুণগত মান নষ্ট হয়ে যায়। এ ছাড়া হরতাল-অবরোধের সময় পরিবহন বন্ধ থাকায় এখান থেকে অন্য কোথাও সার পাঠানো সম্ভব হয়নি।