ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে রাজধানীবাসী

প্রতি বছরের মতো এবারও জুন মাস থেকে রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী এরই মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় এই রোগে আক্রান্ত হয়েছেন ৮৩ জন। এ মুহূর্তে ঢাকার বেসরকারি দুটি হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন।
চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ হলো, হঠাৎ কাঁপুনি দিয়ে ভীষণ জ্বর। এ সময় শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আক্রান্ত ব্যক্তির সারা শরীর বিশেষ করে মাংসপেশি, হাড় ও চোখের পেছন দিকে প্রচণ্ড ব্যথা হতে পারে। জ্বর আসার তিন বা চার দিন পর শরীরে লালচে দাগ বা র্যাশ দেখা দিতে পারে। এ ছাড়াও ডেঙ্গু হলে অরুচি, প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। হেমোরেজিক ডেঙ্গুর ক্ষেত্রে শরীরে লালচে দাগ হওয়া, মাথা ব্যথা, নাক দিয়ে রক্তপাত, শ্বাসকষ্ট, তীব্র বমি, মাড়ি দিয়ে রক্তপাত ও তীব্র পেটে ব্যথা হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেছেন, ‘ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণত প্যারাসিটামলেই রোগটি ভালো হয়। কিছুতেই অ্যাসপিরিন বা ব্যথানাশক ওষুধ খাওয়া চলবে না। ডেঙ্গু হেমোরেজিক হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এ ছাড়াও তিনি এই জ্বর হলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভেজানো কাপড় দিয়ে বারবার শরীর মুছে দেওয়ার পরামর্শ দিয়েছেন। আক্রান্ত ব্যক্তিকে প্রচুর পানি, ওর স্যালাইন ও ফলের রস খাওয়ানোর কথাও বলেছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক।

এ দিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক আহমেদ বলেন, এডিস মশা ডেঙ্গুর জীবাণু বাহক। এই মশা পরিষ্কার পানি পছন্দ করে। তাই ফুলের টব, বারান্দা, এসি ও ফ্রিজের নিচে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। বিশেষ করে সকালের দিকে মশারি টানিয়ে ঘুমাতে হবে। শিশুদের ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরানো এবং আক্রান্ত ব্যক্তিকে মশারির নিচে আলাদা বিছানায় রাখার কথাও তিনি বলেছেন।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুটি সিটি করপোরেশনেরই আলাদা কোনো উদ্যোগ নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ আহমেদ ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান দুজনেই বলেছেন, জনগণকে সচেতন করতে তারা পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।