নগরে আ.লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের ৪০ বছর পূর্তির দিনে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। শোভাযাত্রা থেকে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি তোলা হয়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে শোভাযাত্রাগুলো বের হয়ে মিলিত হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। শোভাযাত্রায় নানা রঙের বেলুন, ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, ট্রাক, ঘোড়ার গাড়ি, নৌকা, দলীয় ও জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিশাল প্রতিকৃতিসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। ৪০ বছর আগে এই দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানে ও যে সময় পাকিস্তানি হানাদারেরা আত্মসমর্পণ করেছিল, ঠিক সেই সময় সেখানে শিখা চিরন্তনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়। তার আগে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে খোলা ট্রাকের মঞ্চে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বদ্ধপরিকর। তাই খালেদা জিয়ার মাথা ঠিক নেই। তিনি আবোলতাবোল বকছেন।সৈয়দ আশরাফ ভেদাভেদ ভুলে দলের নেতা-কর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আজিজের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।মঞ্চে এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মাহবুব-উল-আলম হানিফ, আহমদ হোসেন, আফজাল হোসেন, এ কে এম রহমতউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।