
বেশ একটা অন্য রকম দিন গেল গতকাল। গত সপ্তাহজুড়ে আকাশ প্রায়ই ছিল মেঘে ঢাকা। সঙ্গে বৃষ্টি। শরৎ বলে মনেই হচ্ছিল না। ‘কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়/ দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়’ রবীন্দ্রনাথের এ গানের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল আবহাওয়া। তবে সপ্তাহের শেষ প্রান্তে এসে আকাশ ভরল আলোয়। আবার সেই কবির গানের মতোই ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি’। তাই গতকাল ছুটির দিনে আবার চেনা গেল রোদ ঝলমলে শরৎকে। তার সেই অমল আলোর সঙ্গে মিশেছিল আনন্দ উৎসবের রেশও।
দেশের দুই প্রধান সম্প্রদায় মুসলিম ও হিন্দুদের প্রধান দুই ধর্মীয় উৎসবও এবার হচ্ছে গায়ে গায়ে লাগানো সময়ে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা চলছে। আজ মহাষ্টমী। ঢাকঢোলের বাদনে মুখর পরিবেশ। হাওয়ায় ধূপধুনোর সৌরভ। দেবীর ভক্তরা সপরিবার বা সবান্ধবে দল বেঁধে বিকেলে-সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন প্রতিমা দর্শনে। রাজধানীতে এবার ২১৪টি মণ্ডপে পূজা হচ্ছে, সারা দেশে সাড়ে ২৮ হাজার মণ্ডপে। মেঘ-বৃষ্টি কেটে গেছে, তার ওপর শুক্রবার ছুটির দিনে পথে যানজটও ছিল কম। ফলে বেশ স্বস্তির সঙ্গেই প্রতিমা দর্শনে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে ঘুরে আনন্দে সময় কাটিয়েছেন দেবীর ভক্তরা। পুরান ঢাকার লক্ষ্মীবাজার, তাঁতীবাজার, স্বামীবাগ, লালবাগের ঢাকেশ্বরী, সিদ্ধেশ্বরী, রমনা, জগন্নাথ হল এলাকায় বিকেল থেকেই পরিবেশ ছিল জমজমাট।
পূজা আর ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটাও বেড়েছে বিপণিবিতানগুলোতে। শুক্রবারও মহানগরের বিভিন্ন এলাকায় মার্কেটগুলো খোলা ছিল বেশ খানিকটা রাত পর্যন্ত। নয়াপল্টনের গাজী ভবনের পোশাকের দোকান মালিহা প্লেসের মোহাম্মদ লিটন জানান, ‘কোরবানির ঈদে পোশাক-আশাকের বিক্রি খুব বেশি হয় না। এই ঈদের কোরবানির পশু কেনার জন্যই সবার মূল বাজেট থাকে। ছোট ছেলেমেয়েদের জন্য দু-একটি পোশাক কেউ কেউ কিনে থাকেন। তবে দুর্গাপূজায় বিক্রি কিছুটা বাড়ে। এবার পূজা আর ঈদ কাছাকাছি সময় হওয়ায় বিক্রি কিছুটা বেড়েছে।’
এই ঈদে নতুন কোনো ডিজাইনের পোশাক সাধারণত বাজারে আসে না। বিক্রেতারা জানালেন, ঈদুল ফিতরের সেসব নতুন ডিজাইনের শাড়ি, থ্রি পিস বা বাচ্চাদের পোশাক এসেছিল, সেগুলোই এই ঈদেও চলছে। তবে ঈদ-পূজায় নতুন পোশাকের প্রতি যাঁদের আগ্রহ, তাঁরা দেশি বুটিক হাউসগুলোতে খোঁজ নিতে পারেন। বুটিক হাউসগুলো ঋতুবৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে শরতের উপযোগী কিছু পোশাক এনেছে, পাওয়া যাবে উৎসবের উপযোগী পোশাকও। পোশাক-আশাকের পাশাপাশি অলংকার, প্রসাধনীর দোকানেও বিক্রি বেড়েছে।
এদিকে ঈদ-পূজার ছুটিতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে মহানগরের অনেক পরিবারে। বরাবরের মতোই বহু শ্রম-সাধনায় আগাম টিকিট সংগ্রহ করেছেন দূরের যাত্রীরা। কেউ যাচ্ছেন, কেউ যাবেন প্রিয়জনের সান্নিধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে। আনন্দই তো মানুষের জীবনের নিবিড় গভীর কামনা।