নগরে এক টুকরো গ্রামীণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবান্ন উৎ​সব উপলক্ষে গতকাল থেকে রবীন্দ্রসরোবরে বসেছে তিন দিনব্যাপী মেলা l প্রথম
নবান্ন উৎ​সব উপলক্ষে গতকাল থেকে রবীন্দ্রসরোবরে বসেছে তিন দিনব্যাপী মেলা l প্রথম

চারকোনা কাঠের বাক্সের মুখ খুলতেই ফণা তুলল পদ্মগোখরা। তারপর এঁকেবেঁকে বের হয়ে এল বাক্স থেকে। বেদেনীর হাত নাড়ার সঙ্গে সঙ্গে ডানে-বাঁয়ে ফণা দোলাতে লাগল চকচকে সোনালি-ধূসর সাপটি। পাশেই ডুগডুগি বাজিয়ে চলছে বানর খেলা। বানরের লাফ-ঝাঁপের সঙ্গে চলছে শিশুদের হুল্লোড়-হাততালি।
গ্রামীণ মেলার এই আয়োজনের দেখা মিলল রাজধানীর রবীন্দ্রসরোবরে, প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত নবান্ন উৎসবে। গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে।
পুরো রবীন্দ্রসরোবর এলাকা সেজেছে উৎসবের সাজে। মুক্তমঞ্চ ঘিরে ছনঘরের মতো দেখতে সারি সারি পিঠার দোকান। বেশির ভাগ দোকানের নাম একটি একটি অঞ্চলের নামে। বরিশাল পিঠাঘর, কুমিল্লা পিঠাঘর এমন সব নাম। নানা পরিচিত পিঠার পাশাপাশি দোকানগুলোতে পাওয়া যাচ্ছে সেই অঞ্চলের বিশেষ কিছু পিঠার পদ। বরিশালের ঝাল জামাই পিঠা, কুমিল্লার ম্যারা পিঠা, নেত্রকোনার ছিটরুটি, ব্রাহ্মণবাড়িয়ার ডিম চিতই এসব আঞ্চলিক পিঠা পাওয়া যাচ্ছে নবান্ন উৎসবে। বেশ কিছু দোকানে ক্রেতার ফরমাশ অনুযায়ী পিঠা বানিয়ে খাওয়ানোর ব্যবস্থাও আছে। পিঠার দাম মোটামুটি ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত।
উৎসবে দুই শিশুসন্তান নিয়ে বেড়াতে এসেছেন মোহাম্মদপুরের বাসিন্দা মো. রাজীব। বললেন, গ্রামের পিঠাপুলি চেনাতেই বাচ্চাদের নিয়ে এসেছেন তিনি। পিঠার পাশাপাশি উৎসবে আসা দর্শনার্থীদের জন্য নাগরদোলা, পুতুলনাচ, সাপ খেলা, বানর খেলা, বায়োস্কোপের আয়োজন আছে। প্রাণ-আরএফএল গ্রুপের সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দীপংকর সাহা বললেন, দর্শনার্থীরা এগুলোই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।
গতকাল বিকেলে উৎসব-প্রাঙ্গণের মুক্তমঞ্চে চলছিল লোকগানের পরিবেশনা। ‘বন্ধু তিন দিন’ ‘সুন্দরী কমলা নাচে’র মতো জনপ্রিয় গানগুলোর সঙ্গে গলা মেলাচ্ছিলেন অনেকে। আয়োজকেরা বললেন, উৎসবে তিন দিন ধরে চলবে লোকগানের আসর। ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, ফকির শাহাবউদ্দিন, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদারসহ অনেক শিল্পী গান শোনাবেন।
নবান্ন উৎসব চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উৎসবের দরজা খোলা থাকবে।