নগরের জলাবদ্ধতা নিরসন ছিল নির্বাচনী অঙ্গীকার। এ জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নগরে এখন আর জলাবদ্ধতা নেই। এখন স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ করা উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় নগর ভবন সভাকক্ষে আয়োজিত সাংবাদ সম্মেলনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল এ দাবি করেন।
আহসান হাবিব বলেন, দীর্ঘদিন নগরের জেল খাল, সাগদী খাল, আমানতগঞ্জ খাল এবং লাকুটিয়া খাল সংস্কার ও পুনর্খননের অভাবে ভরাট হয়ে গেছে। এ ছাড়া অবৈধ দখলদারদের কারণে খালগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে। এসব খাল পুনরুদ্ধারে খুব শিগগির পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি নগরের বর্ধিত অঞ্চলে সড়ক, কালভার্ট, সেতু নির্মাণসহ পানি ও বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।
তবে মেয়র সিটি নির্বাচনের আগে নগরবাসীকে দেওয়া ২২ প্রতিশ্রুতির মধ্যে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, সড়ক সংস্কার এবং বর্ধিত অঞ্চলের উন্নয়নে কিছু উদ্যোগ ছাড়া বাকিগুলোর বিষয়ে কথা বলেননি। নির্বাচনী অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে ছিল নগরে পার্সেন্টেজ (উৎকোচ) বিহীন উন্নয়ন, সন্ত্রাসমুক্ত বরিশাল গড়া, ভোলার গ্যাস এনে বরিশালকে আধুনিক শিল্পনগর হিসেবে গড়ে তোলা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, মাদকমুক্ত নগরে পরিণত করা। মহাপরিকল্পনা করে নগরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া, শিশুদের জন্য বিনোদন, বর্ধিত অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থাসহ রাস্তাঘাট, সেতু ও খাবার পানির ব্যবস্থা, পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, নগরের সার্বিক শোভা বর্ধনে ফলদ-বনজ বৃক্ষরোপণ, রিকশাচালকদের লাইসেন্স ফি তুলে দেওয়ার ব্যবস্থা, নাগরিকদের সব ধরনের কর সহনীয় পর্যায়ে আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা।
বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম অভিযোগ করে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা না থাকলেও দুর্নীতির ধারাবাহিকতা রক্ষা করছেন বর্তমান মেয়র। পার্সেন্টেজমুক্ত নগর ভবন হয়নি। আগের রাস্তাঘাট আরও খারাপ হয়েছে।
জানতে চাইলে মেয়র আহসান হাবিব কামাল বলেন, সিটি করপোরেশনকে পার্সেন্টেজমুক্ত রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এখন তেমন কোনো পার্সেন্টেজ সিস্টেম নেই।