নগরে খাবারের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর ঝুলছে লাল-নীল-সাদা কাগজের বল আর হলদে আলোর বাতি। সারি বাঁধা দোকানগুলো সার্কাসের তাঁবুর রীতিতে বানানো। প্রতিটি দোকানের সামনে চেয়ার-টেবিল-বেঞ্চ পাতা। বিরিয়ানি, ভাজা মাংস আর কফির গন্ধ ভাসছে বাতাসে। বনানীর রাজউক মাঠ সেজেছে মেলার সাজে।
আয়োজনের নাম ‘ফুডল্যান্ড ২.০’। গতকাল শুক্রবার থেকে বনানীর রাজউক মাঠে শুরু হয়েছে দুদিনের এই খাবারের উৎসব। এ বছর উৎসবে অংশ নিয়েছে ২৩টি প্রতিষ্ঠান।
স্ত্রী আর সন্তানদের নিয়ে ধানমন্ডি থেকে এসেছিলেন নাসির মাহমুদ। এক টেবিলে বসে আড্ডায় মেতেছিলেন চারজন। বললেন, ‘এক জায়গায় পোলাও থেকে বার্গার সবই পাওয়া যাচ্ছে। বাচ্চারাও খুশি, আমিও খুশি।’
লেক টেরেস, তাবাক, ন্যান্দোস, ট্রি হাউস, ক্রিসপি ক্রিম, কফিলিশাস কফিসহ ঢাকার নানা প্রান্ত থেকে ঝাল-মিষ্টি খাবার ও পানীয়র ছোট-বড় রেস্তোরাঁ ও কফিশপগুলো অংশ নিয়েছে এই আয়োজনে। বার্গার তৈরিকারী প্রতিষ্ঠান ম্যাডশেফের কর্মী আতিকুর রহমান বলেন, সব শ্রেণির ভোক্তার কাছে পৌঁছতেই মেলায় অংশ নিয়েছেন তাঁরা।
খাবারের উৎসবটির আয়োজক ভোজনরসিকদের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ফুডব্যাংক’। আয়োজকদের পক্ষ থেকে গ্রুপটির এডমিনদের একজন লাজিনা মোনা বললেন, ঢাকার মানুষদের বিনোদনের জায়গা সীমিত। রেস্তোরাঁয় খেতে যাওয়াই নগরবাসীর প্রধান বিনোদন হয়ে দাঁড়িয়েছে। তাই ভোজনরসিকদের কথা ভেবে জনপ্রিয় রেস্তোরাঁগুলোকে এক ছাদের নিচে আনতে দ্বিতীয়বারের মতো তাঁদের এই আয়োজন।
উৎসবে গান শোনা ও প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণেরও সুযোগ থাকছে। প্রথম দিন দর্শনার্থীদের গান গেয়ে শোনান তাহসান ও ব্যান্ডদল শূন্য। আজ শনিবার শেষ দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব চলবে। টিকিটের দাম ১৫০ টাকা। তবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো টিকিট লাগবে না।