রংপুর নগরের পাড়া-মহল্লার বাসাবাড়িগুলোর প্রতিদিনকার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সড়কের পাশে, মাঠেসহ যেখানে-সেখানে সেগুলো ফেলা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ বিপন্ন হচ্ছে, তেমনি শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। গঠনের পর বছর খানেক সময় পার হলেও এখনো পরিচ্ছন্নতার মতো মৌলিক এ বিষয়টির দিকে তাকানোর সময়ও জোটেনি সিটি করপোরেশনের।
সরেজমিনে শহরের কলেজ রোডের কুড়িগ্রাম বাসস্ট্যান্ড, নিউ জুমঞ্চাপাড়া, গুপ্তপাড়া, ঠিকাদারপাড়া, তাজহাট, বাবুপাড়া, কেরানীপাড়া মোড়, জলকর, হনুমানতলা, রাধাবল্লভ, মুলাটোল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মুন্সিপাড়া, সেনপাড়াসহ বিভিন্ন স্থানেই সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপ দেখা যায়।
শহরের লালকুঠি এলাকার কলেজ শিক্ষার্থী রওনক জাহান বলেন, এভাবে খোলা আকাশের নিচে আবর্জনা পড়ে থাকায় এমনিতেই আশপাশের এলাকা দুর্গন্ধে ভারী হয়ে থাকে। তার ওপর পশুপাখি এসব ময়লা ঘাঁটাঘাঁটি করায় আশপাশের এলাকাও নোংরা হয়ে থাকে।
কেরানীপাড়ার একজন গৃহিণী রেজেকা সুলতানা পাড়া-মহল্লায় ডাস্টবিনের দাবি জানিয়ে বলেন, বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না পাওয়ায় নালা-নর্দমায় বাসাবাড়ির ময়লা ফেলতে বাধ্য হচ্ছে মানুষ।
একই পাড়ার চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান জানান, ময়লা আবর্জনা নালা-নর্দমাসহ খোলা জায়গায় ফেলায় শহরের পরিবেশ হুমকির মুখে পড়েছে। অসুখ-বিসুখ বাড়ছে। শহরও তার সৌন্দর্য হারাচ্ছে। এদিকে সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের প্রতিটি পাড়া-মহল্লার ময়লা-আবর্জনা অপসারণে তারা উদ্যোগ নিলেও সংস্থাটির লোকবলের অভাব ও নগরের বিশাল আয়তনের কারণে নিয়মিতভাবে এ কাজ করা দুরূহ হয়ে উঠেছে। লোকবলের সঙ্গে সঙ্গে রয়েছে যানবাহনের সংকট। মাত্র সাতটি ট্রাক ও ১১টি রিকশাভ্যানে করে এসব বর্জ্য অপসারণ পুরোপুরি সম্ভব হয় না বলেও জানায় করপোরেশন।
এলাকাবাসী অবশ্য শহর নোংরা করার পেছনে সিটি করপোরেশনও দায়ী বলে অভিযোগ করেছে। তারা জানান, পাড়া-মহল্লার এ ময়লা-আবর্জনা শহর থেকে একটু দূরে নাচনিয়া বিলের পাশে ফেলার জন্য স্থান নির্ধারণ করেছিল সিটি করপোরেশনই। কিন্তু তারাই তা না করে শহরের মধ্যে কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মসজিদ ও বিজিবি সদর দপ্তরের পাশে দিনাজপুর-রংপুর মহাসড়কসংলগ্ন স্থানে এসব বর্জ্য ফেলছে। এ অভিযোগ স্বীকার করে করপোরেশনের কনজারভেটিভ বিভাগের পরিদর্শক আবদুল ওয়াদুদ জানান, বিশাল এলাকা নিয়ে সিটি করপোরেশন। নাচনিয়া বিল শহর থেকে কিছুটা দূরে। ট্রাকের সংকট থাকায় ময়লা-আবর্জনা সেখানে নিয়ে ফেলা সম্ভব হয় না। করপোরেশনের নিজস্ব জায়গা ও কাছাকাছি হয় বলে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মহাসড়কসংলগ্ন স্থানে এসব বর্জ্য ফেলা হচ্ছে।
সিটি করপোরেশনের প্যানেল মেয়র গোলাম কবির জনান, মাত্র বছর খানেক হয়েছে এ সিটি করপোরেশনটি গঠিত হয়েছে। নানা রকম কাজের চাপে এখনো ডাস্টবিন বসানো হয়নি। পর্যায়ক্রমে শহরে উন্নয়নমূলক কাজের পদক্ষেপগুলো নেওয়া হবে বলে তিনি জানান। তবে শহরবাসীর প্রতি বর্জ্য নর্দমায় না ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এতে নর্দমাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।