নগরে গাঁয়ের পার্বণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা মাঠে লোকমেলার পার্বণ উৎসবের প্রথম দিনের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা মাঠে লোকমেলার পার্বণ উৎসবের প্রথম দিনের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো

‘গাজীরপট’, ‘লালকাছ’, ‘ভাসান গান’—নগরজীবনে এসব গান নিয়ে আয়োজন তেমন দেখা যায় না। পয়লা বৈশাখ কিংবা কোনো জাতীয় আয়োজনে ঐতিহ্য হিসেবে দেখানোর জন্য ডাক পড়ে বাংলার নিজস্ব সংস্কৃতির এই শিল্পীদের। শিল্পকলা একাডেমির খোলা চত্বরে গতকাল এই শিল্পীদের নিয়ে আয়োজন করা হলো ‘লোকমেলার পাবর্ণ উৎসব’।

গতকাল শ্রাবণের ১৩তম দিনটি ছিল দারুণ রৌদ্রোজ্জ্বল। দুপুরের ঝলমলে রোদ একাডেমি চত্বরে। রোদ উপেক্ষা করে উল্লেখ করার মতো লোকের সমাগম। সংস্কৃতিমন্ত্রী এলেন কিছুটা দেরিতে। তাঁর জন্য অপেক্ষা করতে করতে রোদেরও তেজ কমল। দর্শকসারিতে যাঁরা ছিলেন, তাঁদের অনেকের কাছেই মঞ্চের আয়োজনগুলো ছিল নতুন অভিজ্ঞতা। ঐতিহ্যের স্বরূপ সন্ধানে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ যেন হয়ে উঠল বাংলার কোনো এক গ্রাম। ভরা বঙ্গ নামের সংগঠন আয়োজিত দুই দিনব্যাপী ‘লোকমেলার পার্বণ উৎসব’ শীর্ষক অনুষ্ঠানমালার প্রথম দিন ছিল গতকাল শুক্রবার।

প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশকে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ মন্তব্য করে তিনি বলেন, ‘এমন সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বের অন্য কোনো দেশে দেখা মেলে না। আধুনিক প্রযুক্তির কারণে হারিয়ে যাচ্ছে লোকসংস্কৃতি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই লোকসংস্কৃতির পুনর্জাগরণ ঘটাতে হবে।’

অধ্যাপক হায়াত মামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন ও বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক শাহিদা খাতুন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দল সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং বিষয় সম্পর্কে ধারণা দেন লোকগবেষক মোহাম্মদ আসাদ, ইমরান উজ-জামান ও জাহিদ হোসেন।