কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির হায়দারের ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের দাবিতে গতকাল রোববার নগরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।
গতকাল বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে মিলিত হন তাঁরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অমিত কুমার বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সদস্য শাহেদ সরোয়ার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক, সহসভাপতি এম শাহাদাত হোছাইন, ওসমান গনি, মাহফুজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাত দফা দাবি তুলে ধরেন। এসব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়। গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে এলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন নাছির হায়দার।