নগরে ছয় মাসে ২২ নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নারী নির্যাতনের হার বেড়ে চলেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের হিসাবে শুধু এ বছরের প্রথম ছয় মাসে নগরে ২২ নারী খুন হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছে ৩০ নারী ও শিশু। গত ছয় মাসে নগরের থানাগুলোতে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১৪৬টি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, নারী খুনের বেশির ভাগই ঘটেছে পারিবারিক দ্বন্দ্ব বা প্রেম প্রত্যাখ্যানের জের ধরে। এ ছাড়া বেশ কিছু অপমৃত্যুর ঘটনাও রয়েছে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির চট্টগ্রাম বিভাগের প্রধান ওয়াহিদা ইদ্রিস প্রথম আলোকে বলেন, নারী নির্যাতনের ঘটনা আগেও ছিল, কিন্তু এর মাত্রা এত ভয়াবহ ছিল না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিদিনই থানা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ শুধু গত মে মাসে ১৬৫টি মামলা দায়ের হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের হিসাবও বলছে, নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।
ব্লাস্ট ও ওসিসির হিসাবে, নারী নির্যাতনের মধ্যে পারিবারিক সহিংসতার ঘটনাই বেশি। যৌতুক, স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়েতে বাধা, স্বামীর মাদকাসক্তি, ভরণপোষণ না দেওয়া—এসব নির্যাতনের মূল কারণ।
চলতি বছরের প্রথম ছয় মাসে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে ওসিসিতে ভর্তি হয়েছে ২০৫ জন নারী ও শিশু। অথচ গত বছর নির্যাতনের শিকার হয়ে ওসিসিতে ভর্তি হয় ৩২৫ জন।
গত বছর ব্লাস্টে অভিযোগ নিয়ে আসেন ৩০৯ জন নারী। এর মধ্যে মামলা করেন ১০৭ জন। আর চলতি বছরের প্রথম ছয় মাসেই মামলা হয়েছে ৯২টি।
তবে নির্যাতিত নারীর প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্লাস্ট চট্টগ্রামের সমন্বয়কারী ও আইনজীবী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘পরিবারের মানসম্মান ও সমাজের ভয়ে নির্যাতিতের বেশির ভাগই নীরবে সহ্য করেন। আর যাঁরা প্রতিকার চান, তাঁদের অনেকেই জানেন না কোথায়, কার কাছে যাবেন।’