নগরে ঢিলেঢালা অবরোধ
চট্টগ্রামে ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। দূরপাল্লার বাস চলাচল ছাড়া সবকিছুই প্রায় স্বাভাবিক নিয়মে চলেছে।
গতকাল অবরোধের তৃতীয় দিনে নগরে অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে কাজকর্ম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল যথারীতি ট্রেন চলাচল করেছে। যাত্রী নিয়ে বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল ভোর থেকে নগরের রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়। গণপরিবহনের পাশাপাশি বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়িও রাস্তায় নামে।
অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে গতকাল কোনো পিকেটার দেখা যায়নি। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিএনপির কর্মসূচি সীমাবদ্ধ ছিল। এর বাইরে আর কোথাও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের দেখা যায়নি।
গতকাল অবরোধের সমর্থনে নাসিমন ভবনের সামনের সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা-কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। এতে গোটা জাতি আতঙ্কিত ও উদ্বিগ্ন। রক্ষক যদি ভক্ষক হয়, বিচারের বাণী নিভৃতে কাঁদা ছাড়া আর তো কিছু থাকে না। তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। তাঁর বক্তব্যে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। গতকাল সকালে সমাবেশের আগে একটি মিছিল বের হয়। মিছিলটি কাজীর দেউড়ি ও লাভলেইন এলাকা অতিক্রম করে আবার নাসিমন ভবনের দিকে ফিরে যায়।
সমাবেশে নোমান আরও বলেন, বর্তমান সরকার প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ক্যাডারদের একীভূত করে বিশেষ অভিযানের নামে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, গুম ও নির্বিচারে হত্যা করছে। এই নারকীয় কর্মকাণ্ড অব্যাহত থাকলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও দেশ রক্ষার চলমান আন্দোলন আরও জোরদার করে এই সরকারের পতন ঘটানো ছাড়া বর্তমান সংকট থেকে উত্তরণের অন্য কোনো পথ এখন খোলা নেই।
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার।