নগরে ঢিলেঢালা হরতাল, সীতাকুণ্ডে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্তভাবে যানবাহন ভাঙচুরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে নগরে তেমন কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অন্তত ২০টি যানবাহন ভাঙচুর এবং একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।স্থানীয় সূত্রে জানা গেছে, হরতাল চলাকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গতকাল সকালে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটাররা। একই সময়ে বাড়বকুণ্ড এলাকায় অন্তত আরও ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় পিকেটাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে।গতকাল সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পুলিশের সঙ্গে পিকেটারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ কয়েকটি গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক সাইফুল্লাহ সামান্য আহত হন বলে জানা গেছে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, ‘পিকেটাররা সকালে একটি ট্রাকে আগুন দেয় এবং আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ ছাড়া পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’গতকালের হরতালে চট্টগ্রাম নগরের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। হরতাল চলাকালে বেলা ১১টার দিকে নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ের সামনে তিনটি পটকা ফাটায় পিকেটাররা। দলীয় কার্যালয়ের সামনে তখন বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সমাবেশ করছিলেন। অন্যদিকে নগরের ছোট পুল মোড়ে শহর এলাকার একটি বাসে আগুন দিয়ে পিকেটাররা পালিয়ে যায়। এ সময় বাসটির একটি চাকা পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ছাড়া নগরের মুরাদপুরে একটি অটোরিকশাসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।