নগরে তিনজনের অপমৃত্যু
রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে তেজগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় মাথায় আঘাত পেয়ে মারা যান শাহ আলম (৩০) নামের এক ভ্যানচালক। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে। সূত্র জানায়, গতকাল সকাল পৌনে নয়টার দিকে পল্লবীতে সড়ক দুর্ঘটনায় শাহজাহান সরকার (৬৫) নামের এক ব্যক্তি মারা যান। তিনি লেগুনা গাড়িতে করে মিরপুর ১ নম্বর থেকে মিরপুর ১২ এলাকায় যাচ্ছিলেন। কিন্তু মিরপুর ১১ নম্বরে লেগুনার চাকা পাংচার হয়ে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার পুলিশ জানায়, গতকাল খিলগাঁওয়ের নিকুঞ্জ ২১ নম্বর সড়কে নির্মাণাধীন ১৩ তলা ভবনের ১০ তলা থেকে পড়ে মারা যান শাহ লাল (২৫) নামের এক শ্রমিক। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।