নগরে তীব্র যানজট
মঙ্গলবারের হরতালের পর আজ বৃহস্পতিবার আবারও হরতাল। গতকাল বুধবার এই সুযোগে প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার চেষ্টা করেন চট্টগ্রাম নগরবাসী। এদিকে হরতালের সঙ্গে সাপ্তাহিক ও বিজয় দিবসের তিন দিনের ছুটি যুক্ত হওয়ায় গতকাল অনেকে নগর ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এ কারণে গতকাল বুধবার নগরে তীব্র যানজটের সৃষ্টি হয়।গতকাল সকাল থেকে নগরের আগ্রাবাদ, দেওয়ানহাট, জিইসি মোড়, প্রবর্তক মোড়, চকবাজার, দুই নম্বর গেট, নিউমার্কেট, মুরাদপুর, বহদ্দারহাট, কর্ণফুলী সেতু এলাকাসহ নগরজুড়ে ছিল যানজট। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।কাল শুক্রবার থেকে রোববার পর্যন্ত সাপ্তাহিক ও বিজয় দিবসের টানা তিন দিন ছুটি থাকবে। আজ ১৮ দলের হরতাল। এ কারণে গতকাল দুপুরের পর থেকে বাড়ি ফেরার জন্য অনেকে বাসস্ট্যান্ডে জড়ো হন। এ ছাড়া প্রয়োজনীয় কাজ সারতেও বেরিয়ে আসেন নগরবাসী। এ কারণে নগরের প্রধান প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বহদ্দারহাট থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়। আবার বহদ্দারহাট থেকে আরাকান সড়কে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত তিন কিলোমিটারের বেশি রাস্তায় শত শত যানবাহনকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিকেলে কর্মস্থল থেকে ঘরমুখো যাত্রীরা নানামুখী ভোগান্তিতে পড়েন। সন্ধ্যার পর পর্যন্ত এই যানজট লেগে ছিল।কোতোয়ালি মোড়ে দীর্ঘ সময় ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা হুমায়রা বেগম প্রথম আলোকে বলেন, ‘চকবাজার যাব। কিন্তু বাসে কোনো জায়গা নেই। সিএনজি অটোরিকশা চেয়েও পাচ্ছি না। কারণ, বেশি টাকায় সিএনজি অটোরিকশা ভাড়া করে লোকজন শহরতলির বাড়িতে যাচ্ছে।’হঠাৎ করে ঘরমুখো মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় দূরপাল্লার যানবাহনের ভাড়াও বেড়ে যায়। নগরের অভ্যন্তরেও অটোরিকশা ও রিকশার ভাড়া বাড়িয়ে দেন চালকেরা।