নগরে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে নগরের কল্যাণপুর থেকে গৃহবধূ সাদিয়া আক্তার (১৮) ও দুপুরে বাসাবো এলাকা থেকে মার্জিনার (২২) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল দুপুরে উত্তর বাসাবোর ভাড়া বাসার খাটের ওপর থেকে মার্জিনার লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর তাঁর স্বামী পরিচয়দানকারী অজয় পলাতক রয়েছেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, এক মাস আগে মার্জিনা ও অজয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাবোতে বাসা ভাড়া নেন। তাঁদের আচরণ সন্দেহজনক দেখে বাড়িওয়ালা বাসা ছাড়ারও নির্দেশ দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
অপর গৃহবধূ সাদিয়া আক্তার কল্যাণপুর ২ নম্বর লেনের ১৬ নম্বর বাড়ির ছাদ থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে মারা যান। পুলিশ এ ঘটনায় সাদিয়ার স্বামী বাদশা মিয়া, শাশুড়ি শাহনাজ বেগমসহ চারজনকে আটক করেছে।
সাদিয়ার শাশুড়ি শাহনাজ পুলিশকে জানান, কিছুদিন আগে বাড়ির ছাদ থেকে সাদিয়ার নয় মাস বয়সী শিশুপুত্র কোল থেকে পড়ে মারা যায়। এরপর তিনি বিষণ্নতায় ভুগছিলেন।
শাহনাজ দাবি করেন, ফজরের নামাজের পর বিকট শব্দ শুনে তাঁরা ছুটে গিয়ে বাড়ির নিচে সাদিয়াকে মৃত পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ঘটনাটি রহস্যজনক। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।