নগরে নগরে বসন্তবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিঠা রোদ, মৃদুমন্দ হাওয়া! ভোর থেকেই প্রকৃতি যেন জানান দিচ্ছিল, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে...।’ ফাল্গুনের প্রথম দিন ছিল গতকাল। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে দেশজুড়ে ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। গতকাল ছিল ছুটির দিন। নগরের বাসিন্দারা ছিল ভারমুক্ত। মেয়েরা খোঁপায় ফুল গুঁজে, বাসন্তী রঙা শাড়ি পরে নেমেছিল রাস্তায়। আর ছেলেরা গায়ে চড়িয়েছিল হলুদ পাঞ্জাবি।
উৎসবপ্রেমীদের ভিড় লেগে ছিল চট্টগ্রাম নগরের ডিসি হিল প্রাঙ্গণ আর জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে। আগ্রাবাদ থেকে মেয়ে, ছেলে আর ছেলের বউকে সঙ্গে নিয়ে ডিসি হিল প্রাঙ্গণে এসেছিলেন পঞ্চাশোর্ধ্ব রেজিয়া বেগম। সবার পরনে বাসন্তী কাপড়।
ডিসি হিল প্রাঙ্গণে বসন্ত বরণের আয়োজন করেছিল বোধন আবৃত্তি পরিষদ। বিকেলে ছিল শোভাযাত্রা। কথামালা পর্বে ডিসি হিলে এসে সবাইকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। প্রমা আবৃত্তি সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমিতে। সকাল সাড়ে ১০টায় ঢোল-তবলার তালে শুরু হয় এ উৎসব। দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, কবিতাপাঠ আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জমজমাট ছিল এ আয়োজন।
রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের ভিড়ের পাশাপাশি কলেজ চত্বরে ঘুরতে আসা তরুণ-তরুণীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। দিনভর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করতে দেখা যায় তাঁদের।
নগরের বিনোদনকেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান উদ্যান ও চিড়িয়াখানা, জিয়া পার্ক, বড়কুঠি পদ্মাপাড়, পাঠানপাড়া পদ্মাপাড়, পদ্মা গার্ডেনসহ বিনোদনকেন্দ্র ছিল দর্শনার্থীতে পরিপূর্ণ।
সকাল থেকে রংপুর চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি, প্রয়াস বিনোদন পার্ক, চিকলী লেকে ছিল নারী-শিশু-পুরুষের উপচে পড়া ভিড়। বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমি ভবনের সামনে ‘আসে বসন্ত ফুল বনে, জাগে বনভূমি সুন্দরী’ স্লোগানে অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্দু তালুকদার। একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সভাপতিত্বে বসন্তকে স্বাগত জানিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাইন বিল্লাহ, মলয় কিশোর ভট্টাচার্য, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক প্রমুখ। এ ছাড়া বিকেলে রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ টাউন হল চত্বরে আলোচনা ও গানের আসরের আয়োজন করে।
বসন্ত বরণের পিছিয়ে ছিল না খুলনাও। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের হয়। ‘অন্তহীন বসন্তে বাঁচুক হৃদয়’ শিরোনামের শোভাযাত্রাটি তিন নম্বর একাডেমিক ভবন থেকে শুরু হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলায় গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সভায় বিভাগের প্রধান অধ্যাপক শেখ মো. রজিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক আসমা ইয়াসমিন।
বরিশাল নগরের জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বাসন্তী রঙে মঞ্চ সাজানো হয়েছিল। পাশেই সরস্বতী পূজার বেদি। বসন্ত ও সরস্বতী পূজা একসঙ্গে হওয়ায় উৎসবে নতুন মাত্রা যোগ হয়েছে। বিকেল হতে না হতে বিদ্যালয় প্রাঙ্গণ নানা বয়সের মানুষের বর্ণিল সাজে রঙিন হয়ে ওঠে। বিকেল চারটায় মঞ্চে বেজে ওঠে রবীন্দ্রসংগীত—‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে/ ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়...’।
‘বাসন্তী বিকেলে এসো স্নাত হব আনন্দ ধারায়’ শিরোনামে ২৩তম বসন্ত উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটক। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বদিউর রহমান। তবে ব্যতিক্রমী এ আয়োজনে ছিল না কোনো প্রধান অতিথি ও সভাপতি।
(প্রতিবেদন তৈরিতে সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা সহায়তা করেছেন)