নগরে নারীরা নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় প্রথম আলো আয়োজিত ‘নগরে নারী নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: সাহাদাত পারভেজ
বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় প্রথম আলো আয়োজিত ‘নগরে নারী নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: সাহাদাত পারভেজ

এক গোলটেবিল বৈঠকের আলোচকেরা বলেছেন, নগরে নারীরা নিরাপদ নয়। উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের এক গবেষণা অনুযায়ী, নগরীর ৮৫ শতাংশ নারীই রাস্তাঘাটে যৌন হয়রানির শিকার। নারীর নিরাপত্তাহীনতার পেছনে রাস্তায় বাতি কম, পাবলিক টয়লেট না থাকা, সুশাসনের অভাবসহ অন্যান্য কারণগুলোও বিদ্যমান।

আজ বৃহস্পতিবার বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় প্রথম আলো আয়োজিত ‘নগরে নারী নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মূল্যবোধের অবক্ষয়ের কারণে বর্তমানে নারীর প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। নারীর ত্বক ফরসা হলে সে আকর্ষণীয় হবে, এ ধরনের ধারণা দিয়ে হীনম্মন্যতা তৈরি করা হচ্ছে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘মেয়র হিসেবে আগামী এক বছরে স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদে আমার পক্ষে করা সম্ভব সে ধরনের পাঁচটি কাজ এবং একজন স্বেচ্ছাসেবক দেন।’ আগামী এক বছরে রাজধানীতে ১০০টি পাবলিক টয়লেট করার পরিকল্পনাসহ নানা পরিকল্পনার কথা জানান তিনি।
অ্যাকশন এইডের দেশীয় পরিচালক ফারাহ কবির বলেন, নগরে নারীরা নিরাপদ নয়। নারী নির্যাতনের প্রতিবাদ করতে গেলে একেকজনকে প্রাণ দিতে হচ্ছে, ফলে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। গোলটেবিলের শুরুতে অ্যাকশন এইডের পরিচালক (প্রোগ্রাম, পলিসি অ্যান্ড ক্যাম্পেইন) শাহনাজ আরেফিন নগরে নারীর নিরাপত্তাবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেছেন, নারীর নিরাপত্তা হীনতার পেছনে রাস্তায় বাতি কম, পাবলিক টয়লেট না থাকা, সুশাসনের অভাবসহ অন্যান্য কারণগুলোও বিদ্যমান। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় প্রথম আলো আয়োজিত ‘নগরে নারীর নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিলে বক্তারা এসব কথা বলেন। ছবি: সাহাদাত পারভেজ
গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেছেন, নারীর নিরাপত্তা হীনতার পেছনে রাস্তায় বাতি কম, পাবলিক টয়লেট না থাকা, সুশাসনের অভাবসহ অন্যান্য কারণগুলোও বিদ্যমান। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় প্রথম আলো আয়োজিত ‘নগরে নারীর নিরাপত্তা: আমাদের ভাবনা’ শীর্ষক গোলটেবিলে বক্তারা এসব কথা বলেন। ছবি: সাহাদাত পারভেজ

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ঘর থেকে একজন পুরুষ এক ধরনের ধারণা নিয়ে বাইরে বের হন। পারিবারিক শিক্ষার অভাবের কারণেই একজন পুরুষ অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন করে মেরে ফেলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শাহনাজ হুদা প্রশ্ন তুলে বলেন, একই বাসের মধ্যে থেকে কেন নারীদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না? নারীদের আলাদা বাস কেন লাগবে?
একটি গবেষণার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম বলেন, শূন্য থেকে ৩ বছর পর্যন্ত শিশুরা কোন ধরনের পরিবেশে বড় হচ্ছে, তা জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ভবিষ্যতে নারী নির্যাতনের হার কমাতে হলে এ বয়সটাকে গুরুত্ব দিতে হবে।
গোলটেবিলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টোলফ্রি হটলাইন নম্বরটি হচ্ছে ১০৯২১। তবে নম্বরটি সম্পর্কে অনেকেই জানেন না। তিনি সচেতনতা তৈরির জন্য প্রথম আলোর পক্ষ থেকে হটলাইন নম্বরটির যাতে প্রচার করা হয় সে আহ্বান জানান।
কেউ নির্যাতনের শিকার হলে পুলিশের কাছে অভিযোগ করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান পুলিশের এআইজি রখফার সুলতানা খানম। তিনি বলেন, পুলিশের কাছে নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেওয়া হয়।
জেন্ডার বিশেষজ্ঞ এবং ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগ্রামের কমপোনেন্ট প্রধান (প্রমোটিং জেন্ডার সেনসিটিভ পলিসিং) ফওজিয়া খোন্দকার বলেন, এখনো সমাজে নারী কেন বাইরে বের হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সচিব শওকত আলী বলেন, বাসে ওঠানো এবং নামানোর সময় হেলপাররা নারীদের বিভিন্নভাবে নির্যাতন করছেন। এ বিষয়ে সচেতন করতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘আমরা যখন পড়াশোনা করতাম তখন রাস্তাঘাটে নোংরা কথা শুনতাম। এখনো মেয়েদের তা শুনতে হচ্ছে। তাই দৃষ্টিভঙ্গি পাল্টাতে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
বাড়ি থেকেই শিশুদের নারীর প্রতি শ্রদ্ধাশীল বোধসম্পন্ন করে বড় করা, বিভিন্ন প্রতিষ্ঠান কতটুকু নারীবান্ধব এবং ব্যক্তি জীবনে নিজে কতটুকু সচেতন—এ তিন বিষয়ে সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক (প্রোগ্রামস) শরীফ মোস্তফা হেলাল।
জাতিসংঘের ইউএন উইমেনের ন্যাশনাল অফিসার (জেন্ডার অ্যান্ড এইচআইভি) এস এম নাহিয়ান বলেন, নারীবান্ধব সমাজ গঠনের জন্য অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি তা কার্যকর করার জন্য জবাবদিহি এবং নজরদারিও নিশ্চিত করতে হবে।