নগরে নৌ পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামে–গঞ্জে, বড়জোর মফস্বল শহরে এমন চিত্র দেখা যায়। তাই বলে রাজধানীর বুকে, তাও মতিঝিলে! রোজ শত শত লোক পারাপার হয় এই খেয়া নৌকায়। কমলাপুর গুদারাঘাট থেকে গতকাল ছবিটি তুলেছেন হাসান রাজা
গ্রামে–গঞ্জে, বড়জোর মফস্বল শহরে এমন চিত্র দেখা যায়। তাই বলে রাজধানীর বুকে, তাও মতিঝিলে! রোজ শত শত লোক পারাপার হয় এই খেয়া নৌকায়। কমলাপুর গুদারাঘাট থেকে গতকাল ছবিটি তুলেছেন হাসান রাজা

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল। সেখানে শাপলা চত্বরের পাশেই রূপালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখা। পাশে সরু গলি। এর শেষ মাথায় গেলেই সেই ঐতিহাসিক মতিঝিল। শত শত বছর ধরে আজও সেখানে চলছে নৌকায় পারাপার।
শুধু মতিঝিলেই নয়, রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের ঝিলেও চলে নৌকায় পারাপার। ঘোরাপথে না গিয়ে সময় বাঁচানোর জন্য রাজধানীর মানুষ এখনো এ দুটি ঝিলে নৌকা দিয়ে পারাপার হয়। খেয়া পারাপার করে এই দুই ঝিলে জীবিকা অর্জন করেন প্রায় ২০০ লোক।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মতিঝিলে নৌকায় পার হচ্ছে লোকজন। পারাপারের জন্য ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আরও ১০-১২ জন। নৌকার মাঝি এক পাশ থেকে লোক নিয়ে এক পারে রেখে আবার লোক নিয়ে অপর পারে আসছেন। ঝিলের পশ্চিম পাড়ে মতিঝিল, অন্য পাড়ে দক্ষিণ কমলাপুরের দেওয়ানবাগের রওজা শরিফ। এ পাশের ঘাটে একটি ছোট ঘরে বসে নৌকা পারাপারের ভাড়া আদায় করছেন মাঝি হিরু মিয়া।
হিরু মিয়া বললেন, ‘প্রায় পাঁচ-ছয় বছর বয়স থেকে এই ঝিলে নৌকায় পারাপার করছি। আগে এই ঝিল মুগদার মান্ডার খালের সঙ্গে যুক্ত ছিল। এখন এর দৈর্ঘ্য বড় জোর ৬০ থেকে ৭০ গজ। ভাড়া দুই টাকা। ছোটবেলায় পাঁচ পয়সা ভাড়ায়ও নৌকায় পারাপার করেছি। ১১ জন মাঝি মিলে নৌকা ও ঘাট চালাই। দিনশেষে একেকজনের ভাগে ৩০০ থেকে ৪০০ টাকা করে পড়ে। শুনেছি, কয়েক শ বছর ধরে এই ঝিলে নৌকা চলে। আমার ছেলে সোহরাবও এ কাজে সাহায্য করে।’
সোহরাব জানায়, সে নটর ডেম স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুল ও পড়ার ফাঁকে নৌকা চালায়।
আরেক মাঝি জামশেদ মিয়া বলেন, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ঘাট খোলা থাকে। দিনে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার লোক ঘাট পারাপার হয়।
গুলশান থেকে কড়াইল বস্তির পথে চলাচলের জন্যও লোকজন খেয়া পারাপার হয়। এখানে চারটি ঘাটে প্রায় আড়াই শ নৌকা রয়েছে। এই ঝিলের নৌকা পারাপার নিয়ন্ত্রণ করেন মাঝিদের সরদার ইসমাইল মৃধা। মাঝিরা দৈনিক মজুরির বিনিময়ে নৌকা চালান। দিনে একেকজনের আয় ৪০০ থেকে ৫০০ টাকা।
এই ঝিলের মাঝি আইয়ুব আলী বলেন, শহরে রিকশা চালানোর বদলে নৌকা চালানো সোজা। পরিশ্রম কম। আয়ও একটু কম, তবে খারাপ না। পাঁচ বছর ধরে মজুরির ভিত্তিতে খেয়া পারাপার করি। আয়টা আরেকটু বাড়লে ভালো হতো।
খেয়াপারের যাত্রী আবুল কালাম আজাদ বলেন, এখানে বীর উত্তম এ কে খন্দকার সড়ক থেকে কড়াইল বস্তির অপর পাড়ে তিন কিলোমিটার যেতে আধা ঘণ্টার বেশি সময় লাগে। যানজটে পড়লে সময় লাগে আরও দ্বিগুণ। ভাড়াও বেশি। খেয়ানৌকায় মাত্র ১০ মিনিটে পারাপার হওয়া যায়।