নগরে পদ্মফুল

পুরান ঢাকার শাঁখারীবাজার রোড। সকাল সাড়ে সাতটা। সাতসকালেও সংকীর্ণ গলিটিতে উৎসবের আমেজ। গলির এমাথা থেকে ওমাথা কিছুদূর পরপর পথের ওপর মাচা বেঁধে পূজার মণ্ডপ বসেছে। উৎসবের ছোঁয়া পথচলতি মানুষের হাতে ধরা বাজারের ব্যাগটিতেও। এই পথে আর যে দৃশ্যটি শুধু বছরের এ সময়ই দেখা যায়, তা হলো ঝাঁকাভর্তি পদ্ম ফুল।
গতকাল শনিবার গিয়ে দেখা গেল, শাঁখারীবাজার রোডের শুরু থেকে সোজা ইসলামপুর পর্যন্ত সড়কের দুই পাশে পদ্ম ফুলের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ঝাঁকা ঝাঁকা গোলাপি পদ্মের কলিতে রঙিন হয়ে আছে পুরো পথ। ক্রেতা-বিক্রেতারা বললেন, দুর্গাপূজার আবশ্যিক উপাদান এই পদ্ম। পঞ্চমীর রাত থেকে দশমী পর্যন্ত প্রতিদিনের পূজায় ১০৮টি করে পদ্ম ফুল দরকার হয়। ১০৮টি কেন? জানতে চাইলে ফুল কিনতে আসা মৃদুল কান্তি মিত্র বললেন, ‘দেবী দুর্গার এক শ আটটি নাম। সকালে পুজোর সময় প্রতি নামে একটি করে ফুল অর্পণ করতে হবে। একটা ফুল কম হলেও পুজো হবে না।’
শাঁখারীবাজারের পদ্মফুলগুলো এসেছে খুলনা আর সিলেট অঞ্চল থেকে। প্রায় জনাপঞ্চাশেক ফুলবিক্রেতা গত বুধ-বৃহস্পতিবার থেকে ফুল নিয়ে আসছেন। তাঁদের কেউ নিয়মিত ব্যবসায়ী, আবার কেউবা শুধু দুর্গাপূজার সময়েই এই ব্যবসা করেন। যেমন মৌলভীবাজারের দুই ভাই নিখিল বিশ্বাস আর যিশু বিশ্বাস। এমনিতে কৃষিকাজ করেন। তবে ১০-১২ বছর ধরে পূজার সময় গ্রামের ঝিল থেকে পদ্ম তুলে এনে ঢাকায় বিক্রি করছেন। বললেন, ‘মায়ের পূজার সময় হলে এই জলপদ্ম ফোটে। সারা বছর পাওয়া যায় না। আমরাও এই সময় ফুল বেচে কিছু আয় করি।’
নিখিল-যিশুর মতো যাঁরা নিজেরা ফুল নিয়ে আসছেন তাঁদের ফুল বাবদ কোনো খরচ নেই। তবে নিয়মিত ফুল ব্যবসায়ীদের যাঁরা পদ্মফুল বিক্রি করছেন, তাঁরা অন্যদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করেন। ফুল ব্যবসায়ী রিপন হোসেন বললেন, দুর্গাপূজা এলে খুলনার তেরখাদা এলাকার এক কৃষক প্রতিবছর তাঁকে ফুল পৌঁছে দেন। প্রতি হাজার ফুলের জন্য দিতে হয় ৪০০ টাকা। তিনি বললেন, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতে বাসে করে ১০-১৫ হাজার পদ্মফুল আসছে। পুরো পূজায় লাখখানেক পদ্মফুল বিক্রি করবেন তিনি।
গতকাল সকালে শাঁখারীবাজারে পদ্মফুলের দাম ছিল প্রতি শয়ে ১৫০ থেকে ৩০০ টাকা। বিক্রেতারা বলছেন, এবার বিলে-ঝিলে ফুলের উৎপাদন বেশি বলে দাম পড়ে গেছে। হবিগঞ্জ থেকে লিটন চন্দ্র দেব তিন টুকরি ফুল নিয়ে এসেছেন দুদিন আগে। বললেন, ‘এই ফুল তিন-চাইর দিনের বেশি ভালো থাকে না। আইজকা সব বেচতে পারলে অল্প লাভ থাকব। নাইলে আশা যাওয়া-আসার ভাড়াটা উঠব খালি।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় কমতে থাকে। বিক্রেতারা বেচে যাওয়া ফুলের টুকরি মশারি দিয়ে ঢেকে ফেলেন। মহাসপ্তমীর পর আরও তিন দিন চলবে পদ্ম ফুল কেনাবেচা। লক্ষ্মীপূজাতেও লাগবে পদ্মের অঞ্জলি। এরপর এই ইট কাঠের নগরীতে ঝাঁকা ভরা পদ্মের এ দেখা পেতে অপেক্ষা করতে হবে আগামী শারদ উৎসব পর্যন্ত।