নগরে বৈশাখী আমেজ
বাংলা সনের আরেকটি নতুন বছর দরজায় কড়া নাড়ছে। এক দিন পরই পয়লা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। এ উপলক্ষে নগরজুড়ে এখন বৈশাখী আমেজ। বর্ষবরণের সর্বজনীন উৎসবে বাংলার চিরায়ত সংস্কৃতিকে হূদয় দিয়ে উপলব্ধি করতে প্রস্তুত নগরবাসী।
বরাবরের মতো নববর্ষ আবাহনের প্রধান আকর্ষণ রমনা বটমূলে ছায়ানটের প্রভাতি অনুষ্ঠান। পয়লা বৈশাখে প্রাণের জোয়ারে জেগে ওঠা নগরের আরও আয়োজনের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান।
চারুকলায় মহাযজ্ঞ: গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ক্যাম্পাসে গিয়ে দেখা গেল, উৎসব আমেজে চলছে বর্ষবরণের প্রস্তুতি। সেখানে চৈত্রের কাঠফাটা রোদকে আমলে নেওয়ার সময় নেই কারও। বিরামহীন কাজ চলছে। কেউ মাছের লেজ তৈরি করছেন, কেউ হাঁসের ঠোঁটে রং মাখছেন। কেউ বা ব্যস্ত ময়ূরের পেখম তৈরিতে।
এবার চারুকলা অনুষদের ১৩, ১৪ ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে প্রায় তিন সপ্তাহ ধরে কাজ চলছে। তবে তাতে মনের খুশিতে শামিল হয়েছেন সদ্য ভর্তি হওয়া থেকে শুরু করে প্রাক্তন শিক্ষার্থীরাও। নতুন-পুরোনোদের সমন্বয়ে বাংলার ঐতিহ্যকে প্রাধান্য ও নির্ভয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য, ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’।
প্রতিবছরের মতো এ বছরও পয়লা বৈশাখ সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। গতকাল দুপুরে দেখা যায় জয়নুল গ্যালারির সামনের করিডরের পাশের খোলা জায়গায় পাতা রয়েছে একাধিক টেবিল। আর সে টেবিলের অপর প্রান্তেই আপন মনে ছবি এঁকে চলেছেন আগামী দিনের শিল্পীরা। সামনে মুখ খোলা রঙের কৌটা থেকে তুলি দিয়ে আলতো করে রং তুলে চলছে ছবি আঁকাআঁকি। আর তার পাশেই বিড়াল, প্যাঁচা, ইঁদুর, ফুল, প্রজাপতি, পাখি, কাকতাড়ুয়া—আরও কত কি! অনেকেই আবার মেঝেতে বসেই এঁকে চলেছেন সরাচিত্র। কাজের সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে জানা গেল, এবারের শোভাযাত্রার সম্মুখভাগে মূল আকর্ষণ হিসেবে থাকছে মা ও শিশু। এ ছাড়া থাকছে বাঘের পিঠে বিশালাকৃতির টেপা পুতুল, যা বাংলার সুলতানদের আগমনকে মনে করিয়ে দেবে। থাকছে মাছ, হাঁস, বিড়াল, বাঘসহ নানা কিছু। এসব কিছুই এখন তৈরি হচ্ছে চারুকলা অনুষদের লিচুতলায়। আরও থাকছে গাজীর পটের বাঘ ও মানুষ, লক্ষ্মীপ্যাঁচা, বিড়ালের চিংড়ি খাওয়া, হাঁস, মাছের ঝাঁকসহ বিভিন্ন লোকজ মোটিফ।
প্রস্তুতি সারা শহরে: শুধু চারুকলা কিংবা রমনা নয়, নববর্ষকে বরণ করতে রাজধানীজুড়ে ব্যাপক আয়োজন চলছে। দারুণ সাজে সেজেছে শৌখিন পোশাক বিক্রয়কেন্দ্রগুলো। ‘বৈশাখী উৎসব’, ‘বৈশাখী মেলা’, ‘বৈশাখী প্রদর্শনী’সহ বিভিন্ন নামে দোকানগুলোতে পোশাকের উৎসব শুরু হয়েছে, চলবে পয়লা বৈশাখ পর্যন্ত।
ধানমন্ডি থেকে শুরু করে মিরপুর, বনানী, গুলশান ও উত্তরার বিভিন্ন মার্কেটের দোকানগুলো ছাড়াও নাটকসরণি (বেইলি রোড), আজিজ সুপার মার্কেট, বিভিন্ন আর্ট গ্যালারি ও মিলনায়তনগুলো এখন বৈশাখী পোশাকের বেচাকেনায় ব্যস্ত হয়ে উঠেছে।
বৈশাখ মানেই যেন মেয়েদের নতুন শাড়ি আর হাতভর্তি কাচের চুড়ি। নগরের মৌচাক, গাউছিয়া, বসুন্ধরা সিটি মার্কেট, ইস্টার্ন প্লাজা, কর্ণফুলী গার্ডেন সিটি, নিউমার্কেটের কসমেটিকসের দোকানগুলোতে বাহারি নকশার চুড়ির সমাহার ঘটেছে। দেশীয় চুড়ির বিশাল সম্ভার রয়েছে চকবাজারে।
এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর কদর বেড়েছে। শিশু একাডেমীর সামনে দেখা গেল, মাটি দিয়ে তৈরি সামগ্রী বিক্রির অস্থায়ী দোকানগুলোতে প্রচণ্ড ভিড়। দোকানিরাও নতুন নতুন পসরা নিয়ে সাজিয়েছেন তাঁদের অস্থায়ী দোকানগুলো।