নগরে মরুর তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠা ঠা রোদ আর গায়ে জ্বালা ধরানো গরম। তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তরের পারদে ৩৬ ডিগ্রি, কিন্তু নগরবাসীর মনে হচ্ছে যেন আরও বেশি। কেননা, রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠা ঠা রোদে যেন আগুনের হলকা। আর পায়ের নিচে পিচঢালা পথ উনুনের মতো তপ্ত। গতকাল শুক্রবার সকাল থেকেই ছিল বসন্তের এই আগুনে মেজাজ। মাঝে মাঝে হাওয়ার দোলায় দুলেছে নগরের বৃক্ষরা, কিন্তু পথচলতি লোকের গায়ে সেই হাওয়ার ঝাপটা তেমন প্রশান্তির স্পর্শ বুলিয়ে দিতে পারেনি। বরং জ্বালা ধরানো অনুভূতিই বেশি হয়েছে।
গতকাল কি দিন কি রাত, রাজধানীজুড়েই ছিল খরতাপ। আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকাসহ দেশের অর্ধেকের বেশি এলাকার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে। আজ আরও নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করবে। আগামী দু-এক দিন আবহাওয়ার এ অবস্থা বিরাজ করবে। সিলেট বিভাগ ছাড়া আজ দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল দাবদাহের দাপট আর ছুটির দিন মিলিয়ে দুপুর নাগাদ রাজধানীজুড়ে মানুষের চলাচলও কিছুটা কমে আসে। খুব প্রয়োজন ছাড়া কেউ বের হয়নি। তবে বাসাবাড়িতেও যে গরমের দাপট কম ছিল, তা-ও নয়। শহরের সচ্ছল মধ্যবিত্তের অনেকেই দাবদাহের দাপট থেকে একটু আরামের জন্য শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের আশ্রয় নিয়েছেন। তবে যাঁদের ওই যন্ত্র কেনার সামর্থ্য নেই, তাঁরা দাবদাহের কষ্ট নিয়েই দিনাতিপাত করেছেন।