নগরে সবুজ বিপ্লব সম্ভব বনসাই চর্চার মাধ্যমে
নগরে সবুজ বিপ্লবের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে বনসাই চর্চা। ঘরে বৃক্ষকে বনসাই করে রেখে দিলে এতে একদিকে যেমন নান্দনিকতার প্রকাশ ঘটে, অন্যদিকে একটুকরা সবুজেরও স্বাদ মেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শুরু হওয়া ১৮তম বার্ষিক বনসাই প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিরা এ কথা বলেন।
বাংলাদেশ বনসাই অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীতে ৫০০ রকমের বনসাই বৃক্ষ রাখা হয়েছে। ৫০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দামের বনসাই বৃক্ষ প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে। ৫০ বছর বয়সী বনগাছ, ২৫ বছর বয়সী বাগানবিলাস থেকে শুরু করে ডুমুরগাছ, তেঁতুলগাছ—সবই রয়েছে প্রদর্শনীতে।
প্রদর্শনীতে অতিথি বক্তৃতা করতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবি বলেন, ‘বনসাই জাপানি সংস্কৃতির অংশ। বাংলাদেশেও এই বিশেষ ধরনের বৃক্ষকেন্দ্রিক শিল্পচর্চা জনপ্রিয় হয়ে ওঠায় জাপানবাসীর মতো আমিও খুশি।’ বাংলাদেশের বনসাই চর্চায় জাপান সব সময় পাশে থাকবে বলে তিনি জানান।
শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, বনসাই প্রকৃতি ও শিল্পচর্চার এক অপূর্ব সম্মিলন। যাঁরা যত নান্দনিকভাবে বনসাই চর্চা করেন, তাঁরা একই সঙ্গে প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশ ঘটান। তিনি দেশে আরও বেশি বনসাই চর্চা চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বনসাই অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা শফিক বলেন, বনসাই অ্যাসোসিয়েশন ১৭ বছর ধরে অনেক কষ্ট করে এই প্রদর্শনীর আয়োজন করে চলেছে। অনেকে অনেক সময় আশ্বাস দিয়েছে বনসাই প্রদর্শনীর জন্য একটি নির্দিষ্ট জমি দেওয়ার। কিন্তু এখনো সেই আশ্বাস পূরণে কোনো অগ্রগতি নেই।
অনুষ্ঠানে সংগীতশিল্পী রফিকুল আলম জাপানি ভাষায় একটি গান গেয়ে শোনান। এ ছাড়া প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠান গ্রিনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বনসাই চর্চাকারীরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।