নগরে সবুজের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলায় গাছ দেখছেন দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো
আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলায় গাছ দেখছেন দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো

গাছ কিনতে মিরপুর থেকে মেলায় এসেছেন সদ্য স্নাতক পাস করা নাফিস ইমরান। বললেন, ’উপহার দেওয়ার জন্য গাছ ছাড়া আর কী ভালো হতে পারে। ফুল দিলে তো শুকিয়ে যাবে। গাছ দিচ্ছি, যাতে অনেক দিন মনে রাখে।’
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-সংলগ্ন মাঠে কথা হয় নাফিসের সঙ্গে। গত রোববার থেকে এখানে শুরু হয়েছে ‘জাতীয় বৃক্ষমেলা-২০১৬’। চলবে পুরো আগস্ট মাস।
এবারের মেলার স্লোগান ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’। মোট ৬৬টি প্রতিষ্ঠান এ বছর মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে সাতটি সরকারি এবং ৫০টি বেসরকারি প্রতিষ্ঠান ও নয়টি নন-নার্সারি প্রতিষ্ঠান।
গতকাল শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, বিকেলের রোদের তেজটা কমতেই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। ছুটির দিন হওয়ায় কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবার-পরিজন নিয়ে মেলায় বেড়াতে এসেছেন। মেলার বিভিন্ন স্টলের গাছ ও ফুলের চারা দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন, কেউবা কিনছেন। কেউ আবার ফুল ও ফলের গাছের সঙ্গে সেলফি ও ছবি তুলছেন।
উত্তরা থেকে শরিফুল হাসান তাঁর দুই সন্তানকে নিয়ে মেলায় এসেছেন। বললেন, ‘নগরীতে তো গাছ কম দেখা যায়। বিভিন্ন রকমের গাছ চেনাতেই ছেলেমেয়েদের নিয়ে এসেছি। প্রতিবছরই আসি।’
মেলায় ৮৮টি স্টলে বিভিন্ন গাছের চারা দিয়ে বানানো ঘরগুলো চোখে পড়ার মতো। রংবেরঙের ফুলের গাছ, ক্যাকটাস, অর্কিড, বিভিন্ন রকমের ফলদ-বনজ বৃক্ষগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করছে। গাছের সঙ্গে সঙ্গে মেলায় পাওয়া যাবে সার, বালাইনাশক, বাগান করার নির্দেশিকা ও গাছের যত্নে প্রয়োজনীয় যন্ত্রপাতি।
বৃক্ষমেলায় ছোটবড় সবারই দৃষ্টি কেড়ে নেয় ফলদ ছোট আকারের আমগাছগুলো। প্রায় প্রতিটি স্টলেই আছে টবে লাগানো নানা জাতের আমগাছ। তাতে ধরে আছে ছোটবড়, কাঁচা-আধা পাকা হরেক রকমের আম।
বিভিন্ন জাতের আম, জাম্বুরা, লিচু, লেবু, পেয়ারা ও ড্রাগন ফলের চারা পাওয়া যাচ্ছে মেলায়। একজন দোকানি বললেন, ফ্ল্যাট বাড়ির ব্যালকনি, বারান্দা বা ড্রয়িংরুমে এগুলো লাগানো যায়। তাতে বাগান করার শখও মেটে, গৃহসজ্জাতেও বৈচিত্র্য আসে।
ফুল ও ঘরের শোভা বর্ধন করে—মেলায় এমন গাছের চারার চাহিদা বেশি। পাতাবাহার, মানিপ্ল্যান্ট, বনসাই, ক্যাকটাস থেকে শুরু করে শোভাবর্ধক গাছের আধিক্য মেলায় চোখে পড়ে। অন্দরের জন্য এসব গাছ কিনছেন অনেকেই।
ধানমন্ডি থেকে মেলায় ঘুরতে এসেছেন চাকরিজীবী নাঈমা ফারজানা। একটি লাল ক্যাকটাস কিনলেন। বললেন, কর্মস্থলে কম্পিউটারের পাশে এ রকম একটা ছোট গাছ রাখলে দেখতে ভালো লাগে।
গার্ডেনীয় নার্সারির স্টলের সামনে দেখা গেল একটু ভিড়। অনেকে কৌতূহল নিয়ে একটি গাছ দেখছেন। নার্সারির স্বত্বাধিকারী মো. জিয়াউর রহমান বলেন, এটা ফাইকাস গাছ। বনসাইয়ের মতো দেখতে এই গাছের বয়স ৪০ বছরেরও বেশি। এটার মূল্য চার লাখ টাকা।
মেলার তথ্যকেন্দ্র থেকে জানানো হলো, মেলা শুরুর পর গত তিন দিনেই ৪২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৩০ হাজার চারাগাছ বিক্রি হয়েছে।
চারজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেল, সকালে লোকজনের ভিড়টা কম থাকে। তবে বিকেল হলেই দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। সপ্তাহ খানেকের মধ্যেই মেলা আরও জমে উঠবে বলে তাঁরা আশাবাদী।
দর্শনার্থীদের জন্য আগস্ট মাসব্যাপী বৃক্ষমেলাটি প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। কেউ চাইলে সময় করে একটু ঢুঁ দিতে পারেন ইট কাঠের নগরীর এক টুকরো বৃক্ষমেলাতে।