খ্রিষ্টীয় বছরের শেষ রাত (থার্টি ফার্স্ট নাইট) উদ্যাপন উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতসহ নগরের পর্যটন এলাকা ও মোড়গুলোতে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটে প্রতিবছর সন্ধ্যার পর সৈকতে হাজার হাজার মানুষের ঢল নামে। তবে জোট সরকারের আমলে জেএমবির হামলার পর থেকে এই সৈকতে ‘থর্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন সীমিত করা হয়।নগর পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় একাধিক নিরাপত্তাচৌকি বসানো হবে। ওই এলাকায় যাওয়ার আগে প্রত্যেককে তল্লাশির আওতায় আনা হবে, যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয়।’পুলিশ সূত্র জানায়, নগরের আগ্রাবাদ, বড়পুল, হালিশহর, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, জিইসি মোড়, লালখান বাজার, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, আন্দরকিল্লাসহ বেশ কয়েকটি মোড়ে নিরাপত্তাচৌকি বসানো হবে। পুলিশ সূত্র জানায়, ‘থার্টি ফার্স্ট নাইটে’ নগরের বারগুলোর (পানশালা) ওপর কড়া নজরদারি রাখা হবে। নগরের অভিজাত হোটেল এবং ক্লাবগুলোতে একাধিক বার রয়েছে।