নগরে ১৫ হাজার নম্বরবিহীন অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের পাশাপাশি চট্টগ্রাম নগরেও নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। নগরে তিন হাজারের বেশি অটোরিকশা চলছে। এ ছাড়া নগরের
বাইরে বিভিন্ন উপজেলায় ১২ হাজারের বেশি নম্বরবিহীন অটোরিকশা চলছে।
পুলিশের কাছ থেকে টোকেন নিয়ে অবাধে নম্বরবিহীন অটোরিকশা চলছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ। তবে পুলিশ বলছে, আদালতের স্থগিতাদেশ নিয়ে নগরে নম্বরবিহীন অটোরিকশা চলছে।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব অটোরিকশা চললেও পুলিশ কিংবা বিআরটিএ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। নম্বরবিহীন অটোরিকশা বন্ধসহ ১৩ দফা দাবিতে অটোরিকশা মালিক ও চালকদের ১০টি সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, ‘চট্টমেট্রো-থ-১২’ লিখে নগরে অটোরিকশা চলতে দেখা যায়। একাধিক চালকের সঙ্গে কথা বলে জানা যায়, এ জন্য প্রতি মাসে পুলিশকে তিন হাজার টাকা করে দিতে হয়। পুলিশের একটি টোকেন দিয়ে তাঁরা রাস্তায় অটোরিকশা নামান।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর সহকারী পরিচালক মো. রোকন উদ্দিন বলেন, ‘গ্রামে ২০ হাজার বৈধ অটোরিকশা রয়েছে। গ্রাম এবং শহরে মিলে নম্বরবিহীন অটোরিকশা ১৫ হাজারের কম হবে না। কীভাবে চলছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। এটা বন্ধ করা দরকার।’
বিআরটিএ সূত্রে জানা গেছে, নগরে চলাচলকারী বৈধ অটোরিকশার সংখ্যা ১৩ হাজার। ১০ বছর ধরে মহানগর এলাকার অটোরিকশা নিবন্ধন বন্ধ রয়েছে। তবে গ্রামের অটোরিকশা নিবন্ধন এখনো চলছে। গ্রামে নিবন্ধিত অটোরিকশা প্রায় ২০ হাজার বলে জানা গেছে।
নম্বরবিহীন অটোরিকশা চলার কথা স্বীকার করে বিআরটিএর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘নগরে কিছু অটোরিকশা চলছে নম্বর ছাড়া। সংখ্যায় কত হবে তা আমাদের কাছে পরিসংখ্যান নেই। তবে আমরা মাঝেমধ্যে এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। তবে এ কাজ বেশি দেখে ট্রাফিক পুলিশ। আমরা তাদেরকেও চিঠি লিখে জানিয়েছি।’
চট্টগ্রাম অটোরিকশা টেম্পো ফোর স্ট্রোক সিএনজিচালক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী শহীদুল ইসলাম বলেন, নগরে প্রায় পাঁচ হাজার নম্বরবিহীন অটোরিকশা চলছে। পুলিশের সঙ্গে সম্পর্ক করে তারা টোকেন নিয়ে নম্বর ছাড়া চালাচ্ছে।
তবে অটোরিকশা মালিক সমিতির আরেকটি অংশের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, নগরে তিন হাজারের মতো নম্বরবিহীন অটোরিকশা চলছে। কখনো সাংবাদিক কখনো পুলিশের নাম ভাঙিয়ে এগুলো চলাচল করে।
জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) মো. ফারুক আহমেদ বলেন, ‘একসময় নগরে কিছু অটোরিকশা নিবন্ধন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তখন অনেকে গাড়ি কিনেছেন। কিন্তু পরে নিবন্ধন দেওয়া হয়নি। পরে তারা আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে এসেছে, যাতে তাদের কেউ বিরক্ত না করে। এর বাইরে যদি নম্বর ছাড়া গাড়ি চলে, তাহলে অবশ্যই মামলা হওয়ার কথা।’