গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চট্টগ্রাম নগরের ঢেবারপাড়, শাহ গরীবুল্লাহ হাউজিং সোসাইটি, কুসুমবাগ আবাসিক এলাকাসহ আশপাশের অর্ধশতাধিক টেলিফোন বিকল রয়েছে।
বিটিসিএলের ভূগর্ভস্থ কেব্ল ত্রুটির কারণে এসব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও এর কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এতে অনেকেই দেশ-বিদেশে জরুরি যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। কারণ মুঠোফোনে আলাপ যেমন ব্যয়সাপেক্ষ, তেমনি সেখানেও রয়েছে নেটওয়ার্কের নানা সমস্যা।
গ্রাহকদের কাছ থেকে জানা যায়, কিছু ফোন হঠাৎ করেই বিকল হয়ে পড়েছে। আবার কোনো কোনোটিতে বাইরে থেকে কল আসছে (ইনকামিং কল)। কিন্তু কল করা (আউটগোয়িং কল) যাচ্ছে না।
ঢেবারপাড় এলাকার বাসিন্দা বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত প্রকৌশলী সিরাজুল হক বলেন, ‘১০-১২ দিন ধরে আমার বাসার ফোনটি বিকল রয়েছে। এর আগে কিছুদিন সংযোগ যাওয়া-আসা করেছে। এ ব্যাপারে টিঅ্যান্ডটিতে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না।’
সিরাজুল হকের দু ছেলে অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করে। আগে তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হতো। কিন্তু টিঅ্যান্ডটির ফোনটি বিকল হয়ে যাওয়ায় এখন যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান তিনি।
একই এলাকার রহিমা আক্তার অভিযোগ করেন, ‘আমার বাসায় দুটি ফোনের মধ্যে একটি পুরোপুরি ডেড। অপরটিতে শুধু বাইরে থেকে কল রিসিভ করা যাচ্ছে। কোনো কল করতে পারছি না।’
এ বিষয়ে জানতে বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক তমাল নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি নন্দনকানন এলাকায় ভূমিধসের কারণে আমাদের ভূগর্ভস্থ কেব্ল ক্ষতিগ্রস্ত হয়। ক্রমাগত বৃষ্টির জন্য এসব ত্রুটি সারাতে কিছুটা সময় লাগছে। আশা করছি, আগামী দু-এক দিনের মধ্যেই ফোনগুলো আবার সচল হয়ে যাবে।’