রাজশাহীতে কাকের মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে গতকাল বৃহস্পতিবার রাজশাহী সফরে এসেছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মেহেদী হোসেন। তিনি নগরে কাকের খাদ্যের উৎস পরিদর্শন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নগরের উচ্ছিষ্ট ব্যবস্থাপনা উন্নয়নের সুপারিশ করে গেছেন।
রাজশাহীতে গত এক সপ্তাহের বেশি সময়ে শতাধিক কাকের মৃত্যু হয়। বেশি কাক মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। এ ছাড়া নগরের শালবাগান, উপশহর ও সাহেব বাজার এলাকার রাস্তার ধারে বেশ কিছু কাক মরে পড়ে থাকতে দেখা গেছে। এ নিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
কাকের মৃত্যুর খবর পেয়ে ৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি বিশেষজ্ঞ দল এসেছিল। তারা নগরের বিভিন্ন জায়গা থেকে অসুস্থ ও মৃত কাকের লালা, রক্ত ও মল সংগ্রহ করে নিয়ে যায়।
গত বুধবার রাতে ঢাকা থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মেহেদী হোসেন রাজশাহীতে আসেন। গতকাল সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কাকের মৃত্যুর বিষয়টি নিয়ে কথা বলেন। তারপর তিনি কাকের খাবারের উৎসগুলো ঘুরে দেখেন। এর মধ্যে প্রধান উৎস হচ্ছে নগরের সিটি বাইপাস গরুর হাটের ভাগাড়। এ ছাড়া সাহেব বাজারের যে জায়গায় মুরগির বর্জ্য ফেলা হয়, সে জায়গাসহ নগরের বাজার এলাকাগুলো ঘুরে দেখেন। তিনি বলেন, বাজার ও ভাগাড় থেকেই কাক মূলত খাবার খায়। রাতে থাকার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গাছে আসে। তিনি বলেন, এই শহরের উচ্ছিষ্ট-ব্যবস্থা উন্নত করতে হবে।
মৃত কাকের নমুনা পরীক্ষা করে কী ফলাফল পাওয়া গেছে, জানতে চাইলে তিনি এই পর্যায়ে ফলাফল সম্পর্কে কিছু বলতে চাননি।