রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সমর্থিত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান গতকাল বুধবার নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। তিনি এ সময় নগরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খায়রুজ্জামান গতকাল নগরের আমবাগান কাজিরগঞ্জ দরিখড়বোনা, কামারুজ্জামান চত্বর, নওগাঁ বাসস্ট্যান্ড ও সপুরা এলাকায় জনসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘বিএনপি জামায়াত ও হেফাজতিদের সঙ্গে নিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু গণতন্ত্রমনা মানুষ সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেবে না। নিশ্চয় আমরা সমাজে হেফাজতি নৈরাজ্য চাই না।’ নগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খায়রুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও জাসদ নেতা আবদুল্লাহ আল মাসুদসহ শতাধিক কর্মী-সমর্থক।