শিক্ষানগরী রাজশাহীকে প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নিতে বছর চারেক আগে পদ্মাপাড়ে প্রথম উন্মুক্ত ওয়াই-ফাই জোন চালু করেছিল রাজশাহী সিটি করপোরেশন। সিদ্ধান্ত ছিল, নগরের আরও কয়েকটি স্থানে করা হবে এই উন্মুক্ত ওয়াই-ফাই জোন। কিন্তু সেই কার্যক্রম আর অগ্রসর হয়নি। উল্টো তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে পদ্মাপাড়ের ওয়াই-ফাই জোনটিও।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ অক্টোবর রাজশাহী সিটি করপোরেশন পদ্মাপাড়ের বড়কুঠি এলাকায় ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন তৎকালীন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বড়কুঠিতে সকাল ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত দুই হাজার মিটার ব্যাসার্ধ নিয়ে যেদিকে যাওয়া যাবে, সেখানেই সংযোগ পাওয়া যেত। সেখানে একসঙ্গে এই সুবিধা নিতে পারতেন ২০০ ব্যবহারকারী। কিন্তু ২০১৩ সালের শেষের দিকে এসে বন্ধ হয়ে যায় ওয়াই-ফাই জোনটি, যা আর চালু করা সম্ভব হয়নি।
ওই জোন উদ্বোধনের অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেছিলেন, ‘ওয়াই-ফাই জোন উদ্বোধনের মাধ্যমে আমরা দেশের সব পৌর প্রতিষ্ঠানকে বার্তা দিতে চাই, সিটি করপোরেশন, পৌরসভা ও অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজ শুধু শহর পরিচ্ছন্ন, আলোকায়ন, রাস্তাঘাট নির্মাণই নয়, ইচ্ছা থাকলে জাতীয়-আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্যও কাজ করতে পারে। অনেক স্থানে ওয়াই-ফাই জোন স্থাপন করা হয়েছে। তবে তা কেবল ওই প্রতিষ্ঠানের জন্য। রাজশাহী নগরেই প্রথম সবার জন্য উন্মুক্তভাবে জোন স্থাপন করা হলো। পর্যায়ক্রমে আরও স্পটে এই জোন চালু করা হবে।’
নগরের এই বিনোদনকেন্দ্রে সব সময় মানুষের ভিড় থাকে। তবে ওয়াইফাই জোন চালুর পর পাল্টে যায় সেখানকার চিত্র। এই স্পটে এসে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণেরা স্মার্টফোন, ল্যাপটপ, নেটবুক, ট্যাবের মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে শুরু করেন। রাজশাহী কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, তাঁরা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পাশাপাশি সরাসরি খেলা দেখা, প্রয়োজনীয় বই ডাউনলোড, ইন্টারনেটে চাকরির আবেদন, ফলাফল দেখার মতো কাজ করতেন। অনেকে আবার এখানে বসে আড্ডা দিতে দিতে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করতেন। তিন বছর ধরে জোনটি বন্ধ থাকায় এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ‘এটা বন্ধ থাকার কথা নয়। রাজশাহীর পিকসজেল কম্পিউটার এটা দেখে, তারাও বলছে কম্পিউটারে চালু দেখাচ্ছে। স্পটে চালু আছে কি না, আগামীকাল (বৃহস্পতিবার) স্পটে গিয়ে ডিভাইসটি দেখে জানাতে পারব।’
পিকসজেল প্রাইভেট লিমিটেডের পরিচালক আশরাফ সিদ্দিকী নূর প্রথম আলোকে বলেন, ‘চুক্তি অনুযায়ী আমাদের ওপর দায়িত্ব ছিল ওয়াই-ফাই সংযোগ চালু এবং ২০১৩ সাল পর্যন্ত তত্ত্বাবধান করা। সেই অনুযায়ী আমরা কাজ করেছি। এখন এটা তত্ত্বাবধানের দায়িত্ব সিটি করপোরেশনের। ২০১৩ সালের পর কী হয়েছে, তা আমরা বলতে পারব না।’