অপরিকল্পিত নগরায়ণ, খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ, পাহাড় কাটা, যত্রতত্র আবর্জনা ফেলার কারণে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার সকালে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘জলাবদ্ধতায় আবদ্ধ চট্টগ্রাম: প্রতিকার ও উত্তরণ’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে মাসিক পত্রিকা দখিনা। সম্পাদক সরওয়ার জাহানের সভাপতিত্ব ও ব্যবস্থাপনা সম্পাদক রিজোয়ান রাজনের পরিচালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ, চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, স্থপতি বিধান বড়ুয়া, সাউদার্ন ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান, পাট ও বস্ত্রশিল্প রক্ষা কমিটির আহ্বায়ক আহমদ কবির, গণমাধ্যমকর্মী আবছার মাহফুজ, প্রীতম দাশ প্রমুখ।
প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আর প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি ও তত্ত্বাবধানের নিশ্চয়তা থাকলে এই সমস্যা থেকে দ্রুত উত্তরণ সম্ভব।