নগরের দরিদ্র জনগোষ্ঠী সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তনের আহ্বান ড. কামাল হোসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের সভাপতি ড. কামাল হোসেন নগরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠী সম্পর্কে নেতিবাচক সামাজিক ধারণা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সমাজে যাঁরা প্রভাবশালী কিংবা ক্ষমতাধর, তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরকারের উন্নয়ন নীতিমালায় আনা সহজ। কিন্তু দরিদ্র ও ক্ষমতাহীন মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না। প্রয়োজনে আইন ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে ঢাকা মহানগরের প্রায় ৩০ শতাংশ বস্তিবাসীর সংবিধান স্বীকৃত জীবন-জীবিকা ও বাসস্থানের অধিকার নিশ্চিত করতে হবে।

আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ‘অন্তর্ভুক্তিমূলক নগর বিনির্মাণ: বাসস্থান ও জীবনধারণের অধিকার সুরক্ষা’ শীর্ষক জাতীয় সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে নগর পরিকল্পনাবিদ, গবেষক, উন্নয়নকর্মী, আইনবিদ, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা নানা সুপারিশ করেন। তারা বলেন, বাংলাদেশের নগর-মহানগরগুলোতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠী তথা বস্তিবাসীর বাসস্থান ও জীবনধারণের অধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের বিষয়টি মাথায় রেখে অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নগর-পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি তাঁদের বাসস্থানের জন্য ভূমি বরাদ্দ প্রক্রিয়া সহজ করা ও জাতীয় গৃহায়ণ নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম বলেন, নগরের বিপুলসংখ্যক দরিদ্র মানুষকে অন্ধকারে রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, সরকারি মূল্যে খাসজমিগুলো যদি দরিদ্র মানুষের আবাসন সমস্যা নিরসনের জন্য ব্যবহার করা যায়, তাহলে নিজেদের ক্রয়ক্ষমতার মধ্যেই তাঁরা একটি করে ফ্ল্যাটের মালিক হতে পারেন। এ জন্য সরকারের বাড়তি কোনো খরচের প্রয়োজন হবে না। ঢাকার ওপর চাপ কমাতে অবকাঠামোগত ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের কথা বলেন এই নগর পরিকল্পনাবিদ। অন্য জেলা শহরগুলোতেও চিকিৎসা-শিক্ষাসহ প্রয়োজনীয় নাগরিক পরিষেবা সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্থপতি সালমা এ শফি ভূমি বরাদ্দ নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বস্তিবাসী ও নগরের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছাই প্রধান।

স্থপতি ইকবাল হাবিব বলেন, ঢাকার অজস্র ভূমি উন্নয়ন প্রকল্পের কোনোটিতেই দরিদ্র জনগোষ্ঠীর আবাসনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। বস্তিগুলোকে দুষ্কৃতকারীদের আশ্রয়স্থল মনে করা হয়। এগুলোকে শ্রমজীবী জনসাধারণের আবাসস্থল ভাবা হয় না।

সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বস্তিবাসীদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদের ব্যাপারে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা আছে। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ না মানে তাহলে আদালতের আদেশ অমান্য করার জন্য আদালত অবমাননার আবেদন করা যায়।

সম্মেলনে পৃথক তিনটি পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে আরও ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ফেরদৌস জাহান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।