নগরের দেয়ালে এখনো নির্বাচনী পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে নির্বাচনী পোস্টার। গতকাল সায়েদাবাদ রেলগেট এলাকায় ।
নগরের বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে নির্বাচনী পোস্টার। গতকাল সায়েদাবাদ রেলগেট এলাকায় ।

নির্বাচন কমিশনের (ইসি) বেঁধে দেওয়া সময়ের পরও নগরের বিভিন্ন এলাকার দেয়ালে নির্বাচনী ব্যানার-পোস্টার রয়ে গেছে। কোথাও কোথাও পোস্টার তোলা হয়েছে আংশিক। গতকাল বুধবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

১৮ নভেম্বর রাত ১২টার মধ্যে নির্বাচনী ব্যানার-পোস্টার-ফেস্টুন অপসারণের সময় বেঁধে দিয়েছিল ইসি। এরপর তা অপসারণে পৃথক কার্যক্রম চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গতকাল লালবাগের ঢাকেশ্বরী রোড, জগন্নাথ সাহা রোড, আজিমপুর রোড ও চকবাজারের খাজা দেওয়ান প্রথম লেন, চক সার্কুলার রোড, নাজিমুদ্দিন রোড ও বংশাল রোডে ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওমর বিন আজিজ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদের বেশি পোস্টার দেখা গেছে।

এর মধ্যে সাইফুদ্দিন আহমেদের অধিকাংশ পোস্টার ৮ থেকে ১০ ফুট উঁচুতে লাগানো।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুদ্দিন আহমেদ বলেন, ইসির নির্দেশনার পর অনেক এলাকা থেকেই তাঁর পোস্টার তুলে ফেলেছেন সমর্থকেরা। তারপরও কিছু এলাকায় পোস্টার থাকতে পারে। সব পোস্টার ওঠানো সম্ভব নয়।

খাজা দেওয়ান প্রথম লেনের বাসাবাড়ির দেয়াল থেকে ওমর বিন আজিজের পোস্টার তোলা হলেও আংশিক রয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মুহিত হাওলাদার ও আবুল খায়ের বলেন, এসব পোস্টার পুরোপুরি তুলতে হলে পানি দিয়ে ঘষতে হবে। এতে দেয়ালের রং নষ্ট হয়ে যাবে।

সায়েদাবাদ রেলগেট এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের খুঁটির চারপাশে এখনো অসংখ্য নির্বাচনী পোস্টার রয়ে গেছে। এর মধ্যে উড়ালসড়কের নিচের একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের দেয়ালে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ ও ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্লাহর পোস্টার দেখা গেছে। এর সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ব্যানার, পোস্টারও আছে। এ ছাড়া গুলিস্তান, কাকরাইল, মতিঝিল, ওয়ারী, যাত্রাবাড়ী, সূত্রাপুর, খিলগাঁও, রামপুরা, বাড্ডা, ফার্মগেট, তেজগাঁও, মহাখালী এলাকার প্রধান সড়ক ছাড়া অন্য সড়কে নির্বাচনী ব্যানার-পোস্টার দেখা গেছে।

গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্লাহ বলেন, ‘নির্বাচনী এলাকা থেকে আমার সব পোস্টার ঘষেমেজে উঠিয়ে ফেলেছি। তারপরও যদি কোথাও থাকে, কালকের (আজ বৃহস্পতিবার) মধ্যে তা অপসারণ করব।’

জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৮ নভেম্বর রাতে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণে একযোগে অভিযান চালিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এখন ডিএসসিসি এলাকায় পোস্টার নেই বললেই চলে। তারপরও আবার খোঁজ নিয়ে দেখব।’

প্রায় একই কথা বলেছেন ডিএনসিসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।