সিলেট নগরের নয়টি পাড়ার রাস্তার বেহাল দশায় নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে এসব রাস্তায় নতুন করে আরও খানাখন্দ দেখা দিচ্ছে। তবে তিন থেকে চার মাসের মধ্যে এসব রাস্তা সংস্কারের কোনো সুযোগ নেই বলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের প্রধান সড়কগুলোর রাস্তা তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকলেও নয়টি এলাকার পাড়ার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুই থেকে আড়াই বছর ধরে এসব রাস্তায় কোনো সংস্কার না হওয়ায় স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। পাথর ও ইটের খোয়া বেরিয়ে যাওয়ায় এসব রাস্তা দিয়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যান ঝুঁকি নিয়ে চলাচল করছে।
নগরের ধোপাদিঘিরপার, সোবহানীঘাট, পাঠানটোলা (একাংশ), করেরপাড়া, শেখঘাট, কলাপাড়া, দক্ষিণ সুরমা বান্ধ এলাকা, পুরোনো রেলস্টেশন এলাকা, লামাপাড়া এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ধোপাদিঘিরপার এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের এলাকার রাস্তাটি কয়েক বছর ধরেই ভেঙে পড়ে আছে। এ রাস্তাটি নগরের গুরুত্বপূর্ণ দুটি এলাকার মূল সড়কের সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অথচ সংযোগ সড়কটিই চলাচলের অনুপযোগী।’
ভুক্তভোগী নয়টি পাড়ার ১২ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সংস্কারের অভাবে রাস্তাগুলোর অন্তত ৬০ থেকে ৭৫ শতাংশ স্থান বেহাল অবস্থায় রয়েছে। এ কারণে এসব রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহনগুলোকে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
লামাপাড়া এলাকায় কথা হয় রিকশাচালক আনসার উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, চার দিন আগে তিনি অসুস্থ এক নারীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। অসাবধানতাবশত হঠাৎ করে একটি গর্তে চাকা পড়ে গিয়ে রিকশাটি উল্টে যায়। এতে ওই রোগী এবং তিনি উভয়েই আহত হয়েছেন। প্রবল বৃষ্টির কারণে রাস্তার একাধিক অংশে নতুন করে খানাখন্দ তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, কিছু কিছু রাস্তায় সংস্কারকাজ শুরুও হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় কাজ আপাতত বন্ধ রয়েছে। তাই বর্ষা মৌসুম শেষ হওয়ার আগে রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করা যাবে না। বৃষ্টির মৌসুম শেষ হওয়া মাত্রই আবার সংস্কারকাজ করা হবে।